অনন্যা সরকার, কলকাতা: চীন বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান (Electric Plane) প্রযুক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। চীন সরকারের মালিকানাধীন বিমান নির্মাণকারী সংস্থা কোম্যাক (COMAC) তাদের সম্পূর্ণ বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান, সিই-২৫এ (CE-25A)-এর প্রথম মনুষ্যবাহী পরীক্ষামূলক উড়ান সফলভাবে সম্পন্ন করেছে। শনিবার, ১৪ নভেম্বর চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই ফ্লাইট অপারেশনটি পরিচালিত হয়।
বৈদ্যুতিক বিমানে প্রথম মানববাহী উড়ান
সিই-২৫এ বিমান কেবল একটি ছোট আকারের পরীক্ষামূলক মডেল নয়, এটি ১০ টন শ্রেণির একটি বৈদ্যুতিক বিমান, যা স্বল্প দূরত্বের আন্তঃনগর কমার্শিয়াল ফ্লাইটের জন্য তৈরি করা হয়েছে। বিমানটিতে ১৯ জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। এটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এবং একবার উড্ডয়নের পর প্রায় ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এর সর্বোচ্চ টেক-অফ ওয়েট ১০ টন এবং এটি ২,৪০০ মিটার পর্যন্ত উচ্চতায় উড়তে পারে।
A China realizou o primeiro voo tripulado de um avião 100% elétrico. A aeronave CE-25A da COMAC decolou levando dois pilotos e um mecânico. O avião tem capacidade para 19 passageiros, autonomia de 400 km e velocidade de até 300 km/h. Antes disso, o avião fez vários voos autônomos.
— Renato Souza (@reporterenato) November 15, 2026
শনিবার সিই-২৫এ বিমানের পরীক্ষামূলক উড়ানের সময় বিমানে দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন। পুরো পরীক্ষাটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী হয়, যার মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ছিল এবং ৬০.৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। কোম্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আকাশে থাকাকালীন বিমানটির কার্যক্ষমতা স্বাভাবিক ছিল এবং এই ট্রায়াল রানে আশানুরূপ ফল অর্জিত হয়েছে।
আরও পড়ুন: ভারত ও আদানির সাথে চুক্তি বাতিল সম্ভব নয়! জানালেন বাংলাদেশের বিদ্যুৎমন্ত্রী
উল্লেখ্য, সিই-২৫এ-এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর বৈদ্যুতিক প্রপালশন বা চালিকাশক্তি ব্যবস্থা। বিমানটির ডানায় বেশ কয়েকটি বৈদ্যুতিক ‘ডাক্টেড ফ্যান’ (ducted fan) যুক্ত করা হয়েছে। প্রচলিত জেট ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করে এই ফ্যানগুলো বাতাসকে পেছনের দিকে ঠেলে বিমানটিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় থ্রাস্ট বা ধাক্কা তৈরি করে।
এই প্রথম মানববাহী উড়ানের আগে গত ২ ফেব্রুয়ারি সিই-২৫এ তার প্রথম মানববিহীন স্বয়ংচালিত ফ্লাইটটি সাফল্যের সাথে সম্পন্ন করে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, উন্নয়নের পর্যায়ে বিমানটি ১৯টি মানববিহীন পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। এই প্রকল্পের সঙ্গে সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়, ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল (CATL) এবং চীনের আরও কিছু প্রযুক্তি সংস্থা যুক্ত রয়েছে। এই বিমানে বাণিজ্যিক পরিষেবা শুরু হওয়ার আগে আরও কিছু নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা পরিচালনা করা হবে। চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (CAAC) ইতিমধ্যে বিমানটির টাইপ সার্টিফিকেটের জন্য জমা দেওয়া আবেদন গ্রহণ করেছে।
প্রসঙ্গত, বর্তমান সময়ে বৈদ্যুতিক ও হাইব্রিড বিমান প্রযুক্তির ক্ষেত্রে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ট অ্যারোস্পেস (Heart Aerospace) ৩৬ জন যাত্রী বহনে সক্ষম একটি হাইব্রিড উড়োজাহাজের ওপর কাজ করছে। অন্যদিকে ইলেক্ট্রা (Electra) নামের এক কোম্পানি ৯ জন যাত্রী বহনের উপযোগী একটি হাইব্রিড বিমান নির্মাণ করছে। তাই বর্তমান সময়ে চীনের সিই-২৫এ-এর সফল যাত্রীবাহী উড়ান সম্পূর্ণ বৈদ্যুতিক মানববাহী বিমান প্রযুক্তির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে গণ্য করা হচ্ছে।