অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রম – এই তিনটি গুণ একত্রিত হলে হাজারো প্রতিকূলতা কাটিয়ে পৌঁছনো যায় সাফল্যের শিখরে। এটাই প্রমাণ করে দেখিয়েছেন পাঁশকুড়ার যশোরার মেধাবী ছাত্র সিদ্ধান্ত সামন্ত (Success Story of Medical Student Siddhant Samanta)। তিনি আন্তর্জাতিক মেডিকেল প্রবেশিকা পরীক্ষা আইএমএটি (IMAT)-এ সাফল্য অর্জন করে ইতালির রোমের স্বনামধন্য ‘সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অফ রোম’ (Sapienza University of Rome)-এ স্কলারশিপ নিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। খুবই সাধারণ পরিবার থেকে উঠে আসা সিদ্ধান্তের এই সাফল্য কেবল তার পরিবারের কাছেই নয়, বরং পুরো পাঁশকুড়া তথা গোটা পূর্ব মেদিনীপুর জেলার জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।
বৃত্তি পেয়ে বিদেশ ডাক্তারি পড়ার সুযোগ পেলেন কৃতী ছাত্র সিদ্ধান্ত
সিদ্ধান্তের শিক্ষাজীবনের শুরুটা হয়েছিল যশোরা চন্দ্রগিরি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে তিনি যশোরা চারুবালা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। মাধ্যমিক পরীক্ষায় তিনি ৮৬ শতাংশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৭৯ শতাংশ নম্বর অর্জন করেন। বর্তমানে তিনি পাঁশকুড়া বনমালী কলেজে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাবা লক্ষ্মীকান্ত সামন্ত একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন এবং মা মিতালি সামন্ত গৃহবধূ।
মাধ্যমিকের সময় থেকেই সিদ্ধান্ত চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন। ২০২৪ সালের নিট (NEET) পরীক্ষায় ভালো ফলাফল করলেও, তিনি তাঁর পছন্দের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাননি। তবে দমে না গিয়ে তিনি বিকল্প পথের সন্ধান শুরু করেন। সেই সময়ই বিদেশে ডাক্তারি শিক্ষার সুযোগ নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন।
আরও পড়ুন: UPSC-তে বাজিমাত কৃষকের মেয়ের, NDA ক্র্যাক করে গ্রামের প্রথম মহিলা লেফটেন্যান্ট অনুষ্কা
প্রচলিত কোনো কোচিং সেন্টারের ওপর নির্ভর না করে, সিদ্ধান্ত অনলাইনে উপলব্ধ তথ্য এবং নিজের কঠোর পরিশ্রমের ওপর ভিত্তি করে ‘ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাডমিশন টেস্ট’ (IMAT)-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। আর প্রথম প্রচেষ্টাতেই সফল হয়ে তিনি সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির মেডিকেল প্রোগ্রামে ভর্তির সুযোগ পান। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি স্কলারশিপও পেয়েছেন।
আইএমএটি পরীক্ষার মাধ্যমেই সাপিয়েঞ্জা ইউনিভার্সিটির আন্তর্জাতিক মেডিকেল কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়। সিদ্ধান্ত শুধু একজন চিকিৎসক হিসেবেই নয় বরং চিকিৎসা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রেও নিজের পরিচিতি গড়ে তুলতে চান। সিদ্ধান্তের এই যাত্রা প্রমাণ করে যে, দৃঢ় সংকল্প, সঠিক পরিকল্পনা এবং অধ্যবসায় থাকলে প্রচলিত ধারার বাইরে গিয়ে আরও বড় সাফল্য অর্জন করা সম্ভব।