আনিষা চৌধুরী, কলকাতা: অনলাইনে ট্রেনের (Indian Railways) টিকিট কাটার সময় আপনিও কি UPI-তে পেমেন্ট করেন? তাহলে আগামী দিনে আসন্ন একটি নতুন নিয়মের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র সাম্প্রতিক নির্দেশিকায় রেলওয়ের UPI লেনদেনের ক্ষেত্রে MDR বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (Merchant Discount Rate) নিয়ে নতুন কাঠামোর কথা জানানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে টিকিট কাটার আগে এই নতুন কাঠামো সম্পর্কে জেনে নিলে বাড়তি অর্থ অপচয়ের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
৫ টাকার চার্জ বহন করবে কে?
২ হাজার টাকার বেশি দামের ট্রেনের টিকিট UPI-এর মাধ্যমে বুক করলে ৫ টাকা নির্দিষ্ট MDR ধার্য হবে। এই গোটা বিষয়টি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, নতুন ব্যবস্থায় MDR-এর খরচ যাত্রীর উপর চাপানোর কোনও সুযোগ নেই। নিয়ম অনুযায়ী, টিকিটের পেমেন্ট নেওয়া রেলওয়ে বা সংশ্লিষ্ট মার্চেন্টকেই এই খরচ বহন করতে হবে। ফলে কোনও টিকিটের মূল্য যদি ৩ হাজার টাকা হয়, UPI-তে পেমেন্ট করার সময় যাত্রীর কাছ থেকে ৩ হাজার ৫ টাকা কোনওভাবেই নেওয়া হবে না। যাত্রী শুধু নির্ধারিত ৩ হাজার টাকাই দেবে। অর্থাৎ, নতুন চার্জটি থাকলেও তার সরাসরি প্রভাব পড়বে না যাত্রীর দেওয়া টাকার অঙ্কে।
NPCI-এর নিয়মে সব ধরনের UPI লেনদেনের জন্য কিন্তু এই একই হারে MDR ধার্য করা হয়নি। রেলওয়ে, টেলিকম, বিমা এবং জ্বালানির মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি UPI লেনদেনে ৫ টাকার ফ্ল্যাট MDR রাখা হয়েছে। সাধারণ P2M লেনদেনে এই সীমার উপরে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হতে পারে। কিন্তু রেলের ক্ষেত্রে লেনদেনের পরিমাণ বাড়লেও নির্দিষ্ট ফি ৫ টাকাতেই সীমাবদ্ধ থাকবে। তাই ১০ হাজার টাকার রেল টিকিটের ক্ষেত্রেও MDR-এর অঙ্ক ৫ টাকার বেশি হবে না।
আরও পড়ুন: রুমের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গুকেশদের, টিম ইন্ডিয়ায়কে অপমান করল উজবেকিস্তান!
২ হাজার টাকার নিচে কী নিয়ম?
২ হাজার টাকার কম লেনদেনে সাধারণত MDR ধার্য হয় না। অন্যদিকে সাধারণ P2M লেনদেনে ২ হাজার টাকার বেশি অঙ্কের ক্ষেত্রে ০.৪ শতাংশ হারে MDR প্রযোজ্য হতে পারে। ৭৫ হাজার টাকার বেশি লেনদেনে ৩০০ টাকা পর্যন্ত ধার্য হতে পারে। রেলের মতো নির্দিষ্ট পরিষেবায় অবশ্য এই হিসাব একদম আলাদা। যতদূর জানা যাচ্ছে, UPI ব্যবস্থার পরিকাঠামো, নিরাপত্তা এবং পরিষেবার উন্নতির কাজে MDR থেকে পাওয়া এই অতিরিক্ত অর্থ ব্যবহার করা হবে।