সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে রাজধানী। কংগ্রেস-সহ ইন্ডি জোটের দলগুলি আগেই নির্বাচন কমিশন অভিযানের ডাক দেয়। তবে কমিশনের দিকে এগোনো মাত্রই রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুনদের আটক করে পুলিশ। এমনকি ব্যারিকেডের উপরে পর্যন্ত উঠে বিক্ষোভ দেখান রাহুলরা। পাশাপাশি আকাশবাণী ভবন চত্বরে প্রবেশ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। সেই অভিযোগেই এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর।
রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে দায়ের এফআইআর
এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে ইন্ডি জোটের বিরোধী দলগুলি। কংগ্রেস থেকে শুরু করে কালীঘাট তৃণমূল, সমাজবাদী পার্টি, বিজেডি, আরজেডি, শরদ পাওয়ারের দল, এমনকি বামফ্রন্টরাও গতকাল সংসদ চত্বর থেকে স্লোগান দিতে থাকে, ‘ভোট চোর’। ওই অভিযানের নেতৃত্ব দেন রাহুল গান্ধী। পাশে প্রিয়াঙ্কা গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়। দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে আটকালে সেই ব্যারিকেডের উপরে পর্যন্ত উঠে আন্দোলন করেন রাহুল। এমনকি অনুমতি ছাড়াই মঙ্গলবার আকাশবাণী ভবন চত্বরে প্রবেশ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাহুলদের বিরুদ্ধে আকাশবাণী ভবনের কর্মীরা অভিযোগ জানিয়েছেন। সেই কারণেই এবার রাহুল এবং প্রিয়াঙ্কার বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হয়েছে এফআইআর। দিল্লি পুলিশ আগেই জানিয়েছিল যে, গোটা এলাকায় বিএনএসএস-এর ১৬৩ ধারা বলবৎ রয়েছে। তবে পুলিশের ব্যারিকেডের সামনেই বসে পড়েন রাহুল এবং অন্যান্য সাংসদরা। এমনকি গতকাল নেহা বোরা, অভিষেকদেরও ব্যারিকেডের উপর উঠে আন্দোলনে সামিল হতে দেখা যায়।
আরও পড়ুন: “তিনবার হেরে এবার লজ্জায় ভোটে দাঁড়ায়নি” সেলিমকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
যত বেলা গড়ায়, ততই রাজধানীর পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় বাড়ে বিরোধী সাংসদদের। যদিও আগে থেকেই ওই এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলেছিল দিল্লি পুলিশ। তবে পরিস্থিতি বেগতিক বুঝে একের পর এক সাংসদকে বাসে তুলতে শুরু করে ডিপি। যদিও রাহুলদের পরে ছেড়ে দেওয়া হয়। এরপরই তারা দিল্লি পুলিশের ব্যারিকেড টপকে আকাশবাণী ভবনের ভিতরে ঢুকে ধর্না শুরু করেন। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কেসি ভেনুগোপাল, মল্লিকার্জুনরা। এবার সেই ঘটনাতেই দায়ের হল এফআইআর।