বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালেও মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। একদিকে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে পাক দল। অন্যদিকে আফগানিস্তানকে 8 উইকেটে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। এবার মহামঞ্চে আগামী 14 নভেম্বর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী। এখন প্রশ্ন, কোথায় দেখবেন সেই ম্যাচ?
কখন, কোথায় হবে ভারত বনাম পাকিস্তানের ফাইনাল?
অনূর্ধ্ব 19 এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে 138 রানে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। পরবর্তীতে 139 রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই জয় হাসিল করে পাকিস্তান। সেটাও আবার 9 উইকেটের বড় ব্যবধানে। এর ফলে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছে দলটি। অন্যদিকে আফগানিস্তানকে 8 উইকেটে হারিয়ে সেমিফাইনাল জিতে ফাইনালে পা রেখেছে ভারত। এশিয়া কাপের ফাইনালে এবার মহাযুদ্ধ হবে দুই অতিপরিচিত প্রতিপক্ষের।
নির্ধারিত সূচি অনুযায়ী, ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 14 নভেম্বর, ভারতীয় সময় সকাল সাড়ে দশটায়। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গড়াবে এই ম্যাচ। আর সেটাই দেখার জন্য একেবারে হাপিত্যেশ করে অপেক্ষা করছেন ভারত এবং পাকিস্তান উভয় দেশের সমর্থকরা। দুই দলের কাছেই সুযোগ রয়েছে ফাইনালে বড় ব্যবধানে জিতে ক্ষমতা প্রদর্শনের। এখন দেখার, শেষ পর্যন্ত কোন দলের হাতে যায় ট্রফি।
আরও পড়ুন: একাধিক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক! Nvidia-র CEO পদ হারাতে পারেন হুয়াং
জানিয়ে রাখি, ভারত বনাম পাকিস্তানের অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ফাইনাল দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। সেক্ষেত্রে টিভিতে এই ম্যাচ উপভোগ করতে চাইলে সনি স্পোর্টস নেটওয়ার্কে চোখ রাখতে হবে দর্শকদের। অন্যদিকে স্মার্টফোন বা ল্যাপটপ থেকে এই ম্যাচ উপভোগ করতে হলে ডাউনলোড করে নিন সনি লিভ অ্যাপ। এছাড়াও সনি লিভের ওয়েবসাইটেও দেখা যাবে ভারত বনাম পাকিস্তানে হাইভোল্টেজ ফাইনাল।