প্রীতি পোদ্দার, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগে এবার রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। এমনই এক চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী থাকল বারাসত (Barasat Annapurna Yojana Protest)। শুক্রবার দফায় দফায় একাধিক জেলায় অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা। কোথাও ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে তো কোথাও আবার বিজেপি বিধায়কদের আটক করে অন্নপূর্ণার আবেদন পত্র নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এমতাবস্থায় ভিন্ন রূপে প্রতিবাদে শামিল হলেন বারাসতের বিক্ষোভরত মহিলারা।
রাস্তায় শুয়ে বিক্ষোভ মহিলাদের
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল, অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলারা তুমুল বিক্ষোভ করেছিলেন। কোথাও রাস্তা অবরোধ করা হচ্ছে, কোথাও সেবা সেতু অভিযান শিবিরে ভাঙচুরের অভিযোগ উঠছে, তো কোথাও আবার বিজেপি বিধায়ককে ঘেরাও করা হচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন শিবিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে বারাসত ১ নম্বর ব্লকের অন্তর্গত বেশিরভাগ মহিলারা সরকারি প্রকল্পের টাকা না মেলায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে রাস্তায় শুয়ে পড়েছিলেন। তাঁদের অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। এদিকে যারা অযোগ্য তাঁরা পেয়ে যাচ্ছেন টাকা।
গ্রেফতার করা হয় সিপিএম নেতা সহ ৩
জানা গিয়েছে, প্রথমে বিক্ষোভরত মহিলারা বিডিও অফিসে ঢুকে তর্কাতর্কি শুরু করে। এরপর অফিস থেকে বেরিয়ে রাস্তার মধ্যে তাঁরা শুয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে দত্তপুকুর থানার পুলিশ পরিস্থিতির সামাল দেয়। কিন্তু কয়েক ঘণ্টা পরে ফের উত্তেজনা শুরু হয়। বিক্ষোভরত মহিলারা বিডিও অফিসের গেটের ভিতর জোরজুলুম করে ঢুকে সামনের চত্বরে ভাঙচুর করে এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি বসানো ফ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাতারাতি গ্রেফতার করা হয় সিপিএম নেতা হাবিব আলি সহ ৩।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের ভরসায় নিয়েছিলেন লোন, অন্নপূর্ণা না পেয়ে বিপাকে ধনেখালির মহিলা
পুলিশ সূত্রে খবর, বারাসতের এই ঘটনায় গ্রেফতারির পর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম কর্মী এবং বিজেপি কর্মীরা। তর্কাতর্কি থেকে শুরু করে কর্মীদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। শেষে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এবং পুনরায় যাতে ওই চত্বরে কোনরকম বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।