বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ফুটবলের মক্কায় তৈরি হবে নতুন ইতিহাস। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ভারতীয় দল (India Vs Brazil)। তবে ব্রাজিল ম্যাচের আগে টিম ইন্ডিয়ার (India Football Team) প্লেয়ারদের নিয়ে চলছে নানান আলোচনা। বিশ্ব ফুটবলের অন্যতম বৃহৎ দল ব্রাজিলকে হারানোর স্বপ্ন আপাতত দেখছেন না ফুটবল ভক্তরা। তবে লড়াইটা যাতে সমানে সমানে হয় সেটাই প্রার্থনা সমর্থকদের। এমতাবস্থায় কয়েকটি সূত্র বলছে, ভারতের একজন ফুটবলারকে নিয়ে যথেষ্ট সতর্ক ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। কে তিনি?
এই একজন ভারতীয়কে নিয়ে সতর্ক ব্রাজিল
আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নেমেই জিতে যাওয়ার স্বপ্ন দেখে না কোনও দলই। সেই দুঃসাহস করবে না ভারতীয় দলও। আসলে, ফুটবলে অভিজ্ঞতার নিরিখে ব্রাজিলের প্লেয়ারদের থেকে অনেকটাই পিছিয়ে জাতীয় দলের খেলোয়াড়রা। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ব্রিগেডের হাতে গোনা কয়েকজন ফুটবলারকে খানিকটা সমীহ করেই চলছে হলুদ ব্রিগেড।
তবে, যে ফুটবলারকে নিয়ে সবচেয়ে বেশি সতর্ক ব্রাজিলের ম্যানেজমেন্ট এবং কোচ, তিনি হলেন ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ার রায়ান উইলিয়ামস। রায়ান এমন একজন ফুটবলার যাঁর ব্রাজিলের শক্তিশালী রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গোল করার ক্ষমতা রয়েছে। সেটা নিজেরাও মানেন কার্লোরা। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম গোলমেশিন রায়ান। পানামার বিরুদ্ধে গত ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোলটি করেছিলেন তিনিই। তাছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতের হয়ে দাপট দেখিয়েছেন, তাই তাঁকে কিছুটা সমঝে চলতে পারে ব্রাজিল দল!
আরও পড়ুন: বদলাল না বাংলাদেশ! দুর্গাপুজোর আগেই ভাঙা হল হিন্দু দেব-দেবীর মূর্তি, আতঙ্কে সনাতনীরা
উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত এবং ব্রাজিল। রাত পর্যন্ত চলবে খেলা। আর সেই ম্যাচ উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ফুটবল প্রিয় মানুষজন। দাম বেশি হলেও টিকিট কেটে দুর্ধর্ষ ম্যাচ দেখতে যাবেন শহরের ফুটবল ভক্তরাও।