সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানালেও পুজোর মাসে ১৫ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে অর্থ সহায়তা। আগের মাসে ১ কোটি ৫৮ লক্ষ মহিলা পেয়েছিলেন ৩০০০ করে। তবে এই প্রকল্পের উপভোক্তা সংখ্যা এ মাসে আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি যোগ্যতার নিয়মেও আনা হয়েছে বেশ কিছু বদল। অন্যদিকে আবার পুনরায় ভেরিফিকেশন করে বেশ কিছু মহিলারা নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে।
অন্নপূর্ণা যোজনায় ফের পরিবর্তন
অক্টোবর নিয়ে ৫ মাসের টাকা দিচ্ছে রাজ্য সরকার। তবে এর মধ্যে এমন বহু মহিলা রয়েছেন, যাঁরা এক মাসও অর্থ সহায়তা পাননি। জুন মাস থেকে এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন গ্রহণ করা হয়। ৩০ জুলাই পর্যন্ত চলে আবেদন। তারপর বন্ধ করে দেওয়া হয় পোর্টাল এবং নতুন করে আবেদন গ্রহণও স্থগিত রাখা হয়। তবে রাজ্য সরকারের তরফ থেকে চলতি মাসের শুরুতেই জনকল্যাণ শিবিরের আয়োজন করে এই প্রকল্পে পুনরায় নাম নথিভুক্তির ব্যবস্থা করা হয়েছিল। সেক্ষেত্রে যাঁরা নতুন করে আবেদন করেছিলেন, তাঁদের তথ্য ভেরিফাই করে চলতি মাস থেকে দেওয়া শুরু হয়েছে অর্থ সহায়তা।
নবান্ন সূত্রে খবর, উৎসবের মরশুমে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আরও ৮ লক্ষ মহিলার নাম যুক্ত হয়েছে। তবে কাটছাঁট করার পর চলতি মাসে এই প্রকল্পের মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬০ লক্ষ। অন্যদিকে আবার নতুন তালিকায় লক্ষ লক্ষ মহিলার নাম বাদ দেওয়া হয়েছে বলেও খবর। প্রকল্পের তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোরভাবে যাচাই করছে প্রত্যেকটি নথি। সেই সূত্রে চলতি মাসে অন্তত ৩ লক্ষ মহিলার নাম বাদ গিয়েছে বলে খবর।
আরও পড়ুন: ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস, আহত ১৫০ পুলিশ! ফ্রান্সজুড়ে আন্দোলনে ৫.৫ লক্ষ মানুষ
আসলে প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, বিধবা ভাতা এবং অন্নপূর্ণা যোজনার সুবিধা একইসঙ্গে মিলবে। অর্থাৎ মহিলারা সব মিলিয়ে মোট ৫০০০ টাকা সুবিধা পাবেন। তবে পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যে কোনও একটি প্রকল্পের সুবিধা নিতে পারবেন মহিলারা। যাঁরা বিধবা ভাতার সুবিধা নিচ্ছিলেন তাঁদের অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হওয়ার আবেদন করেছিলেন তিনি। তাহলে ১৫০০-র জায়গায় মিলবে ৩০০০ করে। তবে যাঁরা দুই প্রকল্পের সুবিধা নিয়ে আসছিলেন তাঁদের চলতি মাসে অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ যেতে পারে বলেই খবর। এছাড়া ভুয়ো তথ্য দিয়ে আবেদন করার অভিযোগে বাদ যেতে পারে বেশ কিছু মহিলার নাম।