অভিষেকের কেন্দ্রে শিল্পের জোয়ার, ডায়মন্ড হারবারে ৩২ গোষ্ঠীর হাতে জমি দেবে রাজ্য সরকার

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রকাশ্যে এল বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আখড়া ডায়মন্ড হারবারে (Diamond Harbour) শিল্পতালুক গড়তে চলেছে রাজ্য সরকার। এছাড়াও ৩২ শিল্পগোষ্ঠীকে শিল্পের জন্য জমি দেওয়া হবে বলে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। লক্ষ্য একটাই ভাতা নির্ভরতার বদলে আত্মনির্ভরশীল পশ্চিমবঙ্গ গড়া। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও চা শিল্পের (North Bengal Tea Industry) জন্য ২৩০ কোটি টাকার রাজ্যের একটি প্রস্তাবে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র।

বজবজে শিল্পতালুকের উদ্বোধনের অনুষ্ঠান

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, বৃহস্পতিবার এক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা রাজ্যের শিল্প সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, “আমার অনুষ্ঠান ছিল বজবজে শিল্পতালুকের উদ্বোধন এবং ৩২টি ইন্ডাস্ট্রির হাতে জমি তুলে দেওয়ার। মন্ত্রিসভা এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। তবে শিল্প দফতর থেকে জানানো হল, ২৬ তারিখ থেকে পিতৃপক্ষের সূচনা, তাই যাবতীয় কাজ তার আগে করতে বলা হয়েছে। সেই কারণে আগামী ২৩ তারিখে ৩২টি ইন্ডাস্ট্রির হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এছাড়াও তিনি আরও বলেন, “আগামী ১৪ অক্টোবর, মহাষষ্ঠীর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন ইউনিটের উদ্বোধন করে তা দেশ ও রাজ্যবাসীর উদ্দেশে উৎসর্গ করা হবে।”

রাজনৈতিক বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজ বিধানসভা এলাকায় নতুন এই শিল্পতালুক গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ অভিষেকের ডেরায় এবার বড় উন্নয়ন বার্তা দিলেন শুভেন্দু। আশা করা যাচ্ছে ওইদিন বজবজে শিল্পতালুক স্থাপনের মাধ্যমে রাজনৈতিক বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে সবচেয়ে মজার বিষয় হল, যেদিন মুখ্যমন্ত্রী বজবজের এই শিল্পতালুক স্থাপনের কর্মসূচির সূচনা করবেন, সে দিনই আমেরিকা সফর শেষে কলকাতায় ফেরার কথা অভিষেকের। তাই বোঝাই যাচ্ছে হাওয়া বেশ গরম থাকবে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জন্যও না হচ্ছে নয়া চমক।

আরও পড়ুন: একধাক্কায় দ্বিগুণ! অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুর্গাপুজোয় বিরাট উদ্যোগ

উত্তরবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দের বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা জানলে খুশি হবেন, আজ (বৃহস্পতিবার) থেকে আমরা বিশ্বকর্মা যোজনায় যুক্ত হলাম। আর ভারত সরকারের পীযূষ গোয়লজির যে শিল্প ও বাণিজ্য মন্ত্রক রয়েছে, সেখান থেকে চা শিল্পের ক্ষেত্রে যে শ্রমিক যোজনা রয়েছে, তার জন্য ২৩০ কোটি টাকার প্রস্তাব আমরা উত্তরবঙ্গের জন্য পাঠিয়েছিলাম। আজকে তারা তাতে অনুমোদন দিয়েছে। এবার এক নতুন দিগন্তের উন্মোচন হল। এখানে আরও শিল্প আসছে এবং স্টিল শিল্পের সম্প্রসারণ হচ্ছে।”

Leave a Comment