অভিষেক থেকে আইয়ার, দাঁড়াতে দেননি কাউকেই! জাপানের স্কুল স্টুডেট বোলার ‘দ্বিতীয় জাদেজা’

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ান গেমসের (Asian Games) ঐতিহাসিক ম্যাচে জাপানের বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছে ভারত। তবে খুব অল্প ব্যবধানে। ম্যাচের একটা সময় মনে হয়েছিল হয়তো ভারতকে হারিয়ে দিয়ে ইতিহাস তৈরি করবে জাপান। আর সেই সম্ভাবনা তৈরি করেছিলেন প্রতিপক্ষ দলটির তরুণ এবং অনভিজ্ঞ বোলার চার্লি হারা-হিনজে (Charles Hinze)। মাত্র 17 বছর বয়সী এই স্কুল ছাত্র অভিষেক শর্মা ও অধিনায়ক শ্রেয়স আইয়ারকে মাঠেই টিকতে দেননি। আর তারপর থেকেই জাপানি বোলারকে নিয়ে বেড়েছে চর্চা। অনেকেই তাঁকে দ্বিতীয় রবীন্দ্র জাদেজা বলেও সম্বোধন করছেন।

স্কুল ছাত্রের বোলিং পরাস্ত করেছে অভিষেকদের

গতকাল টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারতীয় দল। আর মাঠে নামতেই দৈনদশা হয় টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের। এদিন জাপানের স্কুল ছাত্র তথা 17 বছরের তরুণ বোলার হিনজের বোলিংয়ের সামনে একপ্রকার চোখে সর্ষের ফুল দেখেছিলেন ভারতের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান অভিষেক শর্মা! একই অবস্থা হয় অধিনায়ক আইয়ারের। সবচেয়ে চোখে লেগেছিল যে, এই অনভিজ্ঞ বোলারের বলে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন অভিষেক। আর তারপর থেকেই চর্চায় রয়েছেন জাপানের এই ক্রিকেটার।

চার্লি হারা-হিনজে জাপান পুরুষ ক্রিকেট দলের একজন দক্ষ অলরাউন্ডার। সে দেশের ঘরোয়া ক্রিকেট দিয়ে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছিলেন তিনি। মূলত বয়সভিত্তিক ক্রিকেটে ছাপ রেখেই জাতীয় দলের সুযোগ করে নিয়েছিলেন এই খেলোয়াড়। 105 নম্বর জার্সি পরে খেলতে দেখা যায় তাঁকে। সতীর্থরা এই তরুণ ক্রিকেটারকে মামে বলে ডাকেন।

আরও পড়ুন: ৭২ ঘণ্টাতেই ইংল্যান্ডের আধিপত্য শেষ করে T20-র শীর্ষাসনে ভারত

না বললেই নয়, অনূর্ধ্ব-19 দলের হয়ে ছাপ রাখার পর 2024 সালে মালদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় হিনজের। বয়স অল্প হলেও খুব কম সময়ের মধ্যে জাপানের বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। আজ পর্যন্ত 23টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 29টি উইকেট নিয়েছেন এই জাপানি অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের তাবড় তাবড় ভারতীয় ব্যাটসম্যানদের আউট করার পরই বিশেষভাবে নজর কেড়েছেন এই খেলোয়াড়। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত তিনি। সবচেয়ে বড় কথা, হিনজের বোলিং অ্যাকশন এবং উইকেট নেওয়ার দক্ষতা দেখে তাঁকে দ্বিতীয় রবীন্দ্র জাদেজা বলে সম্বোধন করছেন ক্রিকেট ভক্তরা।

Leave a Comment