অনন্যা সরকার, সম্প্রতি কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীব রঞ্জন সিং, ওরফে লাল্লান সিং আধার কার্ডের উপযোগিতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন যে, ভবিষ্যতে সুবিধাভোগীদের আধার (Aadhaar) নম্বরের পরিবর্তে তাদের বায়োমেট্রিক্স এবং ভোটার আইডি (EPIC) নম্বর ব্যবহার করে অর্থ প্রদান করা হবে। পঞ্চায়েতি রাজ, দুগ্ধশিল্প, পশুপালন এবং মৎস্য বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী গত শুক্রবার পঞ্চায়েতি রাজ মন্ত্রকের আয়োজিত ‘পিপলস প্ল্যান ক্যাম্পেইন ২০২৬-২৭ ( People’s Plan Campaign – PPC 2026 – 27) নামক একটি জাতীয় কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাটি জানান।
আধারের বদলে এবার সরকারি প্রকল্পে গুরুত্বপূর্ণ হবে ভোটার আইডি
ওই কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে লাল্লান সিং বলেন, সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের অর্থ প্রদানের ভিত্তি আর আধার কার্ড থাকবে না। এখন প্রতিটি অলিগলিতে নকল আধার কার্ড তৈরির সংস্থা রয়েছে। এখন এমনই অবস্থা হয়েছে যে, মাত্র পাঁচ মিনিটে একটি নতুন আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে।
পঞ্চায়েত মন্ত্রী স্বনির্ভর ও উন্নত পঞ্চায়েত গড়ার প্রচেষ্টায় সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে, কর্মদক্ষতা অনুদানের জন্য যোগ্য হতে হলে গ্রাম পঞ্চায়েতগুলিকে তাদের নিজস্ব উৎস থেকে রাজস্ব আয় বাড়াতে হবে। উল্লেখ্য, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের এমন কোনো প্রকল্প নেই, যার জন্য সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হয়, কিন্তু পশুপালন, দুগ্ধ ও মৎস্য মন্ত্রকের এমন কিছু প্রকল্প রয়েছে, যেখানে অর্থ প্রদানের জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন: বাতিল হবে দুই সন্তান নীতি? বড় ইঙ্গিত সুপ্রিম কোর্টের
পশুপালন ও দুগ্ধ দফতর দ্বারা পরিচালিত জাতীয় প্রাণিসম্পদ মিশন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির অধীনে, এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী যেকোনো যোগ্য উপভোক্তাকে অবশ্যই বৈধ আধার নম্বর থাকার প্রমাণ দিতে হবে, কিংবা আধার অথেন্টিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এছাড়াও, গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচি, পিএম-কিষাণ (PM-KISAN), প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) এবং বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী পেনশনের মতো জনকল্যাণমূলক প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য প্রদানের জন্য আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।