আপনি দোকানে UPI পেমেন্ট করলে কি আপনার চার্জ কাটবে? জানুন সবটা

আনিষা চৌধুরী, কলকাতা: খুচরো থাকুক বা না থাকুক, দোকানে গিয়ে নগদ টাকা দেওয়ার বদলে এখন অনেকেই UPI-কেই পেমেন্ট (UPI Payment) করার অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। ছোট দোকান থেকে শুরু করে শপিং মল, রেস্তোরাঁ কিংবা অন্য কোনও পরিষেবার ক্ষেত্রেও শুধুমাত্র একটা QR কোড স্ক্যান করে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা মিটিয়ে দেওয়া যায়। কিন্তু UPI-তে টাকা দেওয়ার সময় একটা প্রশ্ন অনেকেরই মাথায় আসে। অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অঙ্কের চাইতে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হলো না তো? বিশেষ করে কোনও কোনও ক্ষেত্রে যখন পেমেন্টের সময় অতিরিক্ত চার্জের কথা উল্লেখ থাকে, তখন বিষয়টি নিয়ে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়।

UPI করলে অতিরিক্ত কত টাকা কাটে?

সাধারণভাবে দোকানে কোনও মার্চেন্টের QR কোড স্ক্যান করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে UPI পেমেন্ট করলে গ্রাহকের কাছ থেকে আলাদা করে UPI চার্জ কেটে নেওয়ার কথা নয় কারণ এরকম কোনও নিয়ম নেই। UPI-র মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনও রকম মার্চেন্ট ডিসকাউন্ট রেট (Merchant Discount Rate) বা MDR নেওয়া হয় না। RBI-র প্রকাশিত তথ্যেও UPI লেনদেনে MDR না নেওয়ার বিষয়টি স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে। অর্থাৎ আপনি যদি সাধারণভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দোকানের UPI QR কোডে টাকা পাঠান, তাহলে পেমেন্টের নির্ধারিত অঙ্কের বাইরে আলাদা করে আর এক টাকাও UPI ফি হিসেবে যোগ হওয়ার কথা নয়।

তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। দোকানে UPI পেমেন্টের সঙ্গে অন্য কোনও পরিষেবা, পণ্য বা নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতির চার্জকে UPI চার্জ বলে ধরে নেওয়া ঠিক নয়। UPI-র সঙ্গে বিভিন্ন ধরনের পেমেন্ট ব্যবস্থা যুক্ত রয়েছে। সেগুলির নিয়ম কিন্তু এক নয়। যেমন RuPay ক্রেডিট কার্ডকে UPI-এর সঙ্গে লিঙ্ক করে পেমেন্ট করার ক্ষেত্রে আলাদা ইন্টারচেঞ্জ সংক্রান্ত নিয়ম রয়েছে। NPCI-র নিয়ম অনুযায়ী ছোট অফলাইন মার্চেন্টের ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে Nil MDR-এর বিধান রয়েছে।

আরও পড়ুন: তারেক ব্রিকসে আসেনি বলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে আদানি! দাবি বাংলাদেশের উপদেষ্টার

তাই দোকানে QR কোড স্ক্যান করার আগে পেমেন্টের স্ক্রিনে কত টাকা পাঠানো হচ্ছে তা ভালোভাবে দেখে নেওয়াই মঙ্গল। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর ব্যাঙ্কের মেসেজ বা UPI অ্যাপের লেনদেনের বিবরণও পরীক্ষা করে নিতে পারেন। তাহলে কোথায় কত টাকা গেল সে সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। এছাড়া কোনও দোকানদার যদি UPI ব্যবহারের জন্য আলাদা টাকা দাবি করেন, তাহলে কেন সেই টাকা নেওয়া হচ্ছে তা স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। কারণ সাধারণ UPI মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে আলাদা করে কিন্তু কোনও UPI চার্জ নেওয়া হয় না। UPI বর্তমানে ভারতের অন্যতম ব্যবহৃত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং NPCI-র তথ্য অনুযায়ী ২০২৬ সালের অগাস্টে UPI-তে ২৪,৫০৮.৯৬ মিলিয়ন লেনদেন হয়েছে।

Leave a Comment