আবাসনে উপদ্রব কুকুরের, প্রতিবাদে প্রশাসনের অফিসে কুকুর ছেড়ে প্রতিবাদ! ভাইরাল ভিডিও

অনন্যা সরকার, মহারাষ্ট্র: বহু মানুষ পথকুকুরদের (Street Dogs) ভালবেসে খাওয়ান, আবার অনেকে এই অবলা জীবগুলির সাথে দুর্ব্যবহারও করেন। একাধারে কুকুর যেমন মানুষের বিশ্বস্ত সঙ্গী তেমনি এদের দ্বারা মানুষের আক্রান্ত হওয়ার ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। অনেক সময় কুকুরের আক্রমণে মানুষ গুরুতর আহতও হন, বিশেষ করে ছোট বাচ্চারা। পথকুকুরদের দ্বারা সৃষ্ট এই সমস্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তে বহু সময় প্রতিবাদ হয়েছে। তবে সম্প্রতি মহারাষ্ট্রের নাসিক জেলায় পথকুকুরের বিরুদ্ধে এমন এক অভিনব প্রতিবাদের ছবি সামনে এসেছে, যা রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে। নাসিকের নিফাড় শহরে পথকুকুরের উপদ্রবজনিত সমস্যার অভিযোগ তুলে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর এক কর্মকর্তাকে নগর পঞ্চায়েতের মুখ্য কর্মকর্তার কার্যালয়ে বেশ কয়েকটি কুকুর ছেড়ে আসতে দেখা গেছে। আসলে কী ঘটেছে, আসুন জেনে নেওয়া যাক। 

দীর্ঘদিন ধরে প্রশাসনের বিরুদ্ধে কুকুরের সমস্যা উপেক্ষা করার অভিযোগ 

জানা গেছে, শিবসেনার যুব সংগঠন, যুবসেনার জেলা সভাপতি বিক্রম রান্ধাওয়া তাঁর কর্মীদের সঙ্গে নিয়ে এই অভিনব প্রতিবাদটি করেন। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, প্রতিবাদ চলাকালীন নগর পঞ্চায়েতের মুখ্য আধিকারিকের টেবিলের ওপর দুটি কুকুরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আধিকারিককে টাকার নোট দিয়ে তৈরি মালা পরানোর চেষ্টা করছেন প্রতিবাদীরা। যুবসেনার কর্মীরা নগর পঞ্চায়েত প্রশাসনকে পথকুকুর সংক্রান্ত সমস্যা উপেক্ষা করার জন্য অভিযুক্ত করেছেন।

প্রশাসনিক কার্যালয়ে কুকুর ছেড়ে এই অভিনব প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। পরে অবশ্য অন্যান্য আধিকারিকদের হস্তক্ষেপে প্রতিবাদকারীদের উত্তেজনা প্রশমিত করা হয় এবং কুকুরগুলিকে কার্যালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: স্টিয়ারিংয়ের গুলি খুলে ছুটছিল বাস, বাঁকুড়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৫০ যাত্রী

জানিয়ে রাখি, সম্প্রতি মুম্বাইয়ের একটি বহুতল সোসাইটিতে পোষা কুকুরের উপদ্রবের ঘটনা সামনে এসেছ। জানা গেছে, একটি কুকুর লিফটের ভেতরে শিশুদের আক্রমণ করে। ওই কুকুরটি মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলে লিফটের ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সম্পূর্ণ ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এক মহিলা কুকুরটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু ক্ষিপ্ত কুকুরটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। যদিও তিনি সময়মতো কুকুরটিকে টেনে পেছনে আনতে সক্ষম হন, ফলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্বস্তির কথা এই যে, ওই ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

Leave a Comment