“আমরা ২০ জনই…” তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিস্ফোরক শতাব্দী

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের বিধানসভা নির্বাচনের পর ঘর ভেঙেছে তৃণমূল কংগ্রেসের। ২০ জন সাংসদ নিজেদেরকে বিদ্রোহী ঘোষণা করে সরাসরি এনডিএ সমর্থিত দল এনসিপিআই-তে যোগদান করেন। এমনকি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই সারিতে বসতে দেখা যায় কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে অন্যান্য এনসিপিআই সাংসদদের। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, আবারও নাকি এই ২০ জন সাংসদ এনসিপিআই ছেড়ে নিজেদের ঘরে ফিরে আসতে পারেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তারা। এবার এ নিয়ে বোমা ফাটালেন শতাব্দী রায় (Satabdi Roy)।

ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন তারা?

সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে এদিন শতাব্দী এই প্রসঙ্গ নিয়ে স্পষ্ট জানিয়েছেন, “কিছু কিছু মিডিয়া এটা নিয়ে সময় কাটাচ্ছে। ওরা আমার কাছে আসছে। আমিও কিন্তু ওদের কাছে যাচ্ছি। এমনকি গল্পের সৃষ্টি হচ্ছে। এ চলে গেল, ও চলে গেল। তবে এরকমটা একদমই নয়। খুব দায়িত্বের সঙ্গেই আমি আপনাদেরকে বলছি, ২০ জনই রয়েছি। সংসদে দেখা হয়েছে। এতদিনের পুরনো সঙ্গী। কথা তো একটু হবেই। তার মানে এই নয় যে, দল পরিবর্তন করছি।”

এনসিপিআই সাংসদের আরও সংযোজন, “সামান্য কথা বলার মাধ্যমে যদি আবিষ্কার করা হয় চলে আসার কথা, তাহলে মনে হয় না তা খুব যুক্তিযুক্ত হবে। কালীঘাট তৃণমূল যখন বারবার বলেছিল যে এদের নেওয়া হবে না, এদেরকে ক্ষমা চাইতে হবে, তাহলে এত কিছুর পর ওরা চাইছে কেন? ফেরত আসা কিংবা ফেরত গেলেই বা এত সুন্দর করে স্বাগত কেনই জানাবে? ওরা তো স্পষ্ট বলেছে, যারা চলে এসেছে তারা খারাপ। খারাপদের ভালো জায়গা দেওয়ার দরকার কী?”

আরও পড়ুন: SIR-এ নাম বাদ গেলেই বন্ধ হবে রেশন? বড় রায় কলকাতা হাইকোর্টের

আসলে দিন কয়েক আগেই এনডিএ জোটের বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংদের সঙ্গে একেবারে একই সারিতে বসতে দেখা যায়। এমনকি তাঁদের পিছনের সারিতেই ছিলেন শতাব্দী রায়। যদিও সোমবার দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হওয়ার পর শতাব্দী জানিয়েছেন,”মঙ্গলবার মিটিং হওয়ার কথা রয়েছে। আসলে এত ব্যস্ত। কখন কোন ঘটনা ঘটে যায়। সময় বদলায়। তবে মুখ্যমন্ত্রী বলেছেন প্রতি মাসে একবার করে বসবেন।”

Leave a Comment