“বালি, গরু চোরেরা..” শুভেন্দুর উপর জঙ্গি হানার আশঙ্কা নিয়ে বড় মন্তব্য শিশির অধিকারীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) হত্যার ছক বানচাল করেছে রাজ্য পুলিশের STF। বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার করা হয়েছে মোস্ট ওয়ান্টেড জৈশ-ই-মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডলকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রীর নিয়মিত গতিবিধি, ভিআইপি মুভমেন্ট থেকে শুরু করে নিত্যদিনের যাতায়াত সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করা গিয়েছে। এবার সে প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শহরের এক খ্যাতনামা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাম না করে শত্রুদের হায়নার দল বলে আখ্যায়িত করেছেন তিনি।

ঠিক কী বললেন শিশির অধিকারী?

রাজ্যে পালাবদলের পরই ক্ষমতা হাতে পান শুভেন্দু অধিকারী। বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অন্যায়ের সাথে একটুও আপোস করতে রাজি নন তিনি। একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ প্রশাসনকে কাজ করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু। রাজ্যে কয়লা পাঁচার থেকে শুরু করে বালি, গরু পাচারের মতো ঘটনায় ব্যাপক ধরপাকড় চলছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সব রকম চেষ্টা করছে প্রশাসন।

অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও একাধিক রদবদল করছেন মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্ত অফিসারদের সাসপেন্ড করা থেকে শুরু করে সব ক্ষেত্রেই কড়া নজর রয়েছে শুভেন্দু অধিকারীর। এবার সেসব নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রীর বাবা। শিশিরবাবু জানালেন, মুখ্যমন্ত্রীর উপর অনেকেরই রাগ রয়েছে। শিশির অধিকারী একেবারে সরাসরি বললেন, “কয়লা মাফিয়া থেকে বালি চোর, গরু চোরেরা ধরা পড়েছে বলেই তাঁদের স্বার্থে আঘাত লেগেছে!”

এদিন মুখ্যমন্ত্রীর বাবা একেবারে খোলাখুলি বললেন, “অনেকেই ধরা পড়েছে। কয়েকজন অফিসার সাসপেন্ড হয়েছে। তাঁদের স্বার্থে ঘা লেগেছে। তাই ওরা চেষ্টা করে যাচ্ছে ওকে কীভাবে মেরে দেওয়া যায়। আসলে যাঁদের স্বার্থে ঘা লেগেছে তাঁরা এখন একেবারে হায়নার মতো ওর দিকে চেয়ে আছে। তবে আমার মনে হয় ওরা কেউই কিছু করতে পারবে না।”

অবশ্যই পড়ুন: পাকিস্তান সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আমন্ত্রণ জানাতে চলেছে পাক সরকার

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই হত্যা করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে। মধ্যমগ্রামের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। আর তারপর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল! ঠিক সে কারণেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে সুরক্ষিত রাখতে সদা সচেতন রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী, STF সহ সিক্রেট ফোর্স।

Leave a Comment