বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবারও দাম বেড়েছে সিগারেটের (Cigarette Price Hike)। এবার থেকে পকেট খসিয়ে ধূমপান করতে হবে ধূমপায়ীদের। ইন্ডিয়ান টোবাকো কোম্পানি নতুন করে বেশ কিছু ব্র্যান্ডেড সিগারেটের মূল্যবৃদ্ধি করতেই এই সংস্থার শেয়ারের দামে দেখা গেল বড় পরিবর্তন। বুধবার, শেয়ার বাজারে আইটিসি লিমিটেডের শেয়ারের দাম প্রায় 3 শতাংশ বেড়ে 265 টাকার কাছাকাছি পৌঁছে যায়। আর তারপরেই বেশ কিছু ব্রোকারেজ সংস্থা এই কোম্পানির শেয়ারটিকে (Stock Market) কেনার পরামর্শ দিচ্ছে বিনিয়োগকারীদের। ঠিক করে দিচ্ছে নতুন টার্গেট প্রাইস।
ধূমপানের পেছনে খরচ না করে কিনতে পারেন এই শেয়ার
এনডিটিভি প্রফিট এর রিপোর্ট অনুযায়ী, ক্লাসিক কানেক্ট এবং গোল্ড ফ্লেক সুপার স্টার সিগারেটের ব্র্যান্ডের সর্বোচ্চ খুচরো মূল্য বেড়েছে। ক্লাসিক কানেক্ট 20টি সিগারেটের একটি প্যাকেটের দাম এখন 390 টাকা থেকে বেড়ে 428 টাকা হয়েছে। অন্যদিকে গোল্ড ফ্লেক সুপার স্টার 10টি সিগারেটের প্যাকেটের দাম 79 টাকা থেকে বেড়ে হয়েছে 89 টাকা। অর্থাৎ এবার থেকে সিগারেট কিনতে হলে অতিরিক্ত অর্থ খসবে সিগারেট প্রিয় মানুষজনের।
বলাই বাহুল্য, এর আগে শেষবারের মতো ফেব্রুয়ারিতে সিগারেট সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর GST বাড়িয়ে 40 শতাংশ করা হয়েছিল। আর তারপর থেকেই স্বাভাবিকভাবে বেড়েই চলেছে দাম। এদিকে, সিগারেটের মূল্য বৃদ্ধির মাঝে চমক দেখিয়েছে ইন্ডিয়ান টোবাকো কোম্পানি লিমিটেডের শেয়ার। বুধবার শেয়ারবাজার খোলার পর এই সংস্থার শেয়ারের দাম 2.38 শতাংশ বেড়ে 264 টাকা 15 পয়সা অর্থাৎ প্রায় 265 টাকায় গিয়ে বন্ধ হয়।
অবশ্যই পড়ুন: নির্ধারিত সময়ের আগেই ১০০% কাজ শেষ! সেনসাসের প্রথম ধাপে বড় সাফল্য বাংলার
বিশেষজ্ঞরা বলছেন, সিগারেটের মূল্য বৃদ্ধির ফলেই এই সংস্থার শেয়ারের দাম বাড়ল। তারপরই বেশ কিছু ব্রোকারেজ সংস্থা এই শেয়ারে নিজেদের আস্থা প্রকাশ করেছে। যেমন সেবির বাজার বিশেষজ্ঞ অনুজ গুপ্ত জানিয়েছেন, এই মুহূর্তে সংস্কারের আর্থিক অবস্থা যথেষ্ট শক্তিশালী রয়েছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই সংস্থাটির শেয়ারের দাম আরও 10 শতাংশ বেড়ে যেতে পারে। অন্যদিকে আরেক বিশেষজ্ঞ মহেশ ওঝা জানান, এই সংস্থার শেয়ারের দাম খুব শীঘ্রই 290 টাকায় পৌঁছে যেতে পারে। এক কথায়, শেয়ার বাজারের বিশেষজ্ঞরা এই সংস্থার শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। কাজেই সিগারেটের খরচ বাঁচিয়ে বিনিয়োগ করাই যেতে পারে এই স্টকে।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)