প্রীতি পোদ্দার, কলকাতা: শেষমুহূর্তে ইডেনের মেগা ইভেন্টে আনা হল বড় পরিবর্তন! অনুষ্ঠানে আসতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi Eden Gardens)। কথা ছিল আগামী ১০ অক্টোবর, দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। আর সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। চক্ষুদান থেকে শুরু করে একাধিক কার্যকলাপে অংশ নেবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পুরো পরিকল্পনায় বদল আনা হল। জানা গিয়েছে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi Mahalaya event) পরিবর্তে আসবেন অন্য একজন বিশেষ অতিথি। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই শুরু হল ব্যাপক শোরগোল।
মহালয়ার ইভেন্টে থাকবেন না প্রধানমন্ত্রী!
বিজেপি সরকার ক্ষমতায় আসায় পর প্রথমবার তাঁদের তত্ত্বাবধানে রাজ্যে হতে চলেছে দুর্গাপুজো, তাই স্বাভাবিকভাবেই এবারের পুজো নিয়ে একটি বেশিই আগ্রহ জন্মেছে সকলের মনে। তাই সেই আনন্দ আরও দ্বিগুণ করে তুলতে আগামী ১০ অক্টোবর, ইডেন গার্ডেন্সে এক মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে। রেড রোডে হবে শোভাযাত্রা, সেখানে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা পরিবেশন করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। বেজে উঠবে ১০ হাজার ঢাক সঙ্গে এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে চারদিক। আর সেই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র স্বরূপ উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু তিনি এবার সেই অনুষ্ঠানে থাকতে পারছেন না বলে জানা গিয়েছে।
ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন অমিত শাহ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন সিএবি আধিকারিকদের সঙ্গে। সেখানেই নাকি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কিছু ব্যক্তিগত কাজের কারণে ইভেন্টে আসবেন না প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল, চক্ষুদানের পাশাপাশি গাড়িতে চেপে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন মোদি। কিন্তু তিনি না আসায় সেই পরিকল্পনাতেও বদল আনছে সংস্কৃতি দপ্তর। এদিকে ইডেন থেকে কলকাতার কয়েকটি নামকড়া পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। তবে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর পরিবর্তে আপাতত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই পুজোর উদ্বোধন করবেন ভার্চুয়ালি। যদিও চূড়ান্ত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ‘রাস্তায় ময়লা নেই, জল-বিদ্যুৎ পাচ্ছি’, এবার বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন
অন্যদিকে সিএবির তরফ থেকে ইডেনের মেগা ইভেন্টের জন্য রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত পাস দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কারণ পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে থাকছে রাজ্য সরকার। এই বিষয়ে সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস জানিয়েছেন, “এখনও পর্যন্ত মহালয়ার অনুষ্ঠানে সিএবির সদস্যদের মধ্যে বণ্টন করার জন্য পর্যাপ্ত পরিমাণ পাস দেওয়ার অনুরোধ করেছি রাজ্য সরকারের প্রতিনিধিদের কাছে। তবে এখনও পর্যন্ত পাসের বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি।”