সহেলি মিত্র, কলকাতাঃ বাতাসে পুজো পুজো গন্ধ। ফলে উৎফুল্ল রয়েছে সকলের মন। কেউ এখন থেকেই প্ল্যান করছেন পুজোর কটা দিন কে কোথায় ঠাকুর দেখবে। আবার কেউ কেউ আছে পাহাড় বা সমুদ্র যাওয়ার প্ল্যান করছেন। আপনিও কি সমুদ্রের থেকে বেশি পাহাড় পছন্দ করেন? কিন্তু এবারে আর দার্জিলিং-এর ভিড় চাইছেন না? তাহলে আজ আপনাদের এমন এক জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনার শরীর ও মন দুটিই জুড়িয়ে যাবে। ভাবতে বাধ্য হবেন, কেন আগে এখানে আসেননি। আজ কথা হবে এমন এক পাহাড়ি গ্রাম নিয়ে যেখানে পরিবারের সংখ্যা মাত্র ১৯। কথা হচ্ছে চটকপুর (Chatakpur) নিয়ে।
পুজোয় ঘুরে আসুন চটকপুর
আপনি দার্জিলিংয়ের (Offbeat Darjeeling) ভিড়, কোলাহল আর ব্যস্ততা থেকে একটু দূরে যদি প্রকৃতির এক শান্ত, নির্জন ঠিকানা খুঁজে থাকেন, তাহলে আপনার এবারের গন্তব্য হতে পারে চটকপুর। সেনচাল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির গভীর অরণ্যের মধ্যে প্রায় ৭,৮৮৭ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট ইকো-ভিলেজ প্রকৃতিপ্রেমীদের কাছে সত্যিই স্বর্গের মতো। এখান থেকে পরিষ্কার দিনে দেখা যায় অপরূপ কাঞ্চনজঙ্ঘা, আর ভোরের সূর্যোদয় যেন এক অন্য জগতের অভিজ্ঞতা।
মাত্র ১৯টি পরিবার ও প্রায় ৯০ জন মানুষকে নিয়ে পাহাড়-জঙ্গলে ঘেরা উত্তরবঙ্গের ছোট্ট গ্রাম চটকপুর (Chatakpur)। সেনচাল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির মধ্যে প্রায় ৭,৮৮৭ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি এখনও অনেকের কাছেই অচেনা। NJP থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে চটকপুরে গাড়িতে যেতে সময় লাগে আনুমানিক আড়াই ঘণ্টা। এখানে শেয়ার ক্যাব না চলায় রিজার্ভ গাড়ি করেই যেতে হয়।
কী কী দেখবেন?
চটকপুরে প্রবেশের সময় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক হলেও পারমিটের জন্য কোনও চার্জ লাগে না। গ্রামে রয়েছে একটি প্রহরী মিনার, যেখান থেকে পাহাড়-জঙ্গলের মনোরম দৃশ্য দেখা যায়। ২০১৭ সালে ভারতের প্রথম হিল স্টেশন সাইকেল ট্রেইল দার্জিলিংয়ে চালু হয়েছিল, যা চটকপুর পর্যন্ত বিস্তৃত ছিল। চটকপুরকে অনেক সময় ইকোভিলেজ বলা হয়। এখানকার মানুষের জীবিকার সঙ্গে হোমস্টে ব্যবসা ও ধাপ চাষ জড়িয়ে রয়েছে। তবে প্রতি বছর জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পর্যটকদের জন্য চটকপুর বন্ধ থাকে।
কীভাবে যাবেন?
নিশ্চয়ই ভাবছেন কীভাবে এত সুন্দর একটি পাহাড়ি গ্রামে যাবেন? সেক্ষেত্রে আগে হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে আপনাকে এনজেপি স্টেশনে পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে আপনার গন্তব্য চটকপুরে পৌঁছাতে হবে।