প্রীতি পোদ্দার, কলকাতা: বাড়ির রান্নাঘরেই হোক কিংবা বাথরুমে, আরশোলার (Cockroach) উপদ্রব থেকে কিছুতেই যেন মুক্তি পাওয়া যায় না। রাত বাড়লেই বাড়ে তাদের তাণ্ডব। ফিনাইল, কেরোসিন দিয়ে যতই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন (Cleaning Tips) রাখুন না কেন, ঠিক এসে হাজির হবে আরশোলা। বাজার চলতি বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করলেও মিলছে না সুফল। তবে চিন্তা নেই, এবার কয়েকটি ঘরোয়া টোটকাতেই দূর হবে জেদি আরশোলা।
নিম তেল
বাড়ি থেকে আরশোলা দূর করতে নিম তেল খুবই কার্যকরী। এর জন্য একটি স্প্রে বোতলে জল ভরে তাতে বেশ খানিকটা নিমতেল মিশিয়ে নিতে হবে। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এ বার ঘরের কোনায়, বেসিনের নিচে, রান্নাঘরের তাকে স্প্রে করে দিতে হবে। পরেরদিন দেখবেন আরশোলাগুলি মরে রয়েছে আনাচ-কানাচে।
বেকিং সোডা
আরশোলা থেকে মুক্তি পেতে হলে বেকিং সোডা ব্যবহার করা যায়। কারণ এই উপাদান তাদের কাছে বিষের সমান। এর জন্য চিনির গুঁড়োর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিতে হবে অথবা মধুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘরের মেঝে বা রান্নাঘরের তাকে দিয়ে দেবেন। দেখবেন, মিষ্টির গন্ধে আরশোলা দুর থেকে আসবে এবং বেকিং সোডার প্রকোপে মারা যায়।
গোলমরিচ গুঁড়ো
গোলমরিচ কিংবা লঙ্কার গুঁড়োতে কাবু করা যাবে আরশোলাদের। সেক্ষেত্রে একটি স্প্রে বোতলে সামান্য জলের মধ্যে মিশিয়ে নিতে হবে গোলমরিচ গুঁড়ো। এরপর সেটি রান্নাঘর থেকে শুরু করে ঘরের কোনায় কোনায় স্প্রে করে নিতে হবে। এছাড়াও পেঁয়াজ, রসুনের খোসা ফেলে না দিয়ে একটি ছোট্ট পাত্রে ঘরে করে রেখে দিলে আরশোলা দূরে চলে যায়।
আরও পড়ুন: বর্ষায় গাছকে সুস্থ রাখতে মেনে চলুন এই বিশেষ ৫ টিপস
তেজপাতা
আরশোলা তাড়াতে তেজপাতার জুরিমেলা ভার। সেক্ষেত্রে তেজপাতা গুলো গুঁড়ো করে ঘরের আনাচ-কানাচে ছড়িয়ে দিন, দেখবেন এর গন্ধ আরশোলা সহ্য করতে না পেরে পালিয়ে যাবে। তবে একবারেই উপকার মিলবে না, এর জন্য সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে হবে।