সৌভিক মুখার্জী, কলকাতা: একধাক্কায় লাফিয়ে বাড়ল ভারতের শিল্প জগতের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির (Mukesh Ambani) সম্পত্তি। সোমবার শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের অভাবনীয় উত্থানে একদিনেই আম্বানির মোট সম্পত্তিতে প্রায় ৬.৩ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৫২ হাজার কোটি টাকা যুক্ত হল। রিপোর্ট অনুযায়ী, এই বিপুল পরিমাণ আর্থিক বৃদ্ধির ফলে তিনি বিশ্বের মধ্যে একদিনে সর্বাধিক সম্পদ অর্জনকারী শীর্ষ ধনকুবেরের স্থান দখল করে নিয়েছেন।
একদিনেই বাড়ল ৭.৫ শতাংশ সম্পত্তি
ফোর্বসের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পদ একধাক্কায় আজ ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৮.৮ বিলিয়ন ডলার। আর এই বৃদ্ধির ফলে বিশ্বের ধনকুবেরদের তালিকায় তিনি ২৩তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে ভারতের আরও এক বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি ৭৯.১২ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে এই তালিকায় রয়েছেন ২৬তম স্থানে। তবে আম্বানির এই সম্পত্তি বৃদ্ধির মাধ্যমে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির প্রতিযোগিতায় গৌতম আদানিকে ফের পেছনে ফেলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছেন তিনি।
সোমবার আন্তর্জাতিক বাজারে আম্বানির সম্পদের বৃদ্ধি বিশ্বের অন্যান্য সব তাবড় তাবড় শিল্পপতিদের ছাপিয়ে গিয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্পেনের খুচরো ব্যবসায়ী আমানসিও ওর্তেগার সম্পত্তি একদিনে বেড়েছে ১.৭ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা চিনের শিল্পপতি ঝং শানশানের সম্পত্তি বেড়েছে ১.৫ বিলিয়ন ডলার। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে অন্য ধনকুবেরদের তুলনায় মুকেশ আম্বানির আয় একদিনে ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: এবার রাজধানীতে আন্দোলনে নামল স্বয়ং দিল্লি পুলিশই, চরম কটাক্ষ নেহা বোরার
বলাবাহুল্য, আম্বানির ব্যক্তিগত সম্পত্তির এই উল্কাগতির সবচেয়ে বড় কারণ ছিল শেয়ার বাজারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ স্টকের দরের লম্ফন। সোমবার বাজার খোলার পর থেকেই রিলায়েন্সের শেয়ারের চাহিদা তুঙ্গে ওঠে। এমনকি দিন শেষে তা প্রায় ১১.৬ শতাংশ বেড়ে দিনের সর্বোচ্চ স্তরে বন্ধ হয়। গত ৬ বছরের বেশি সময়ের মধ্যে রিলায়েন্সের জন্য এটি অন্যতম সেরা ট্রেডিং সেশন হিসেবেই যুক্ত করা হচ্ছে। এমনকি নিফটি ৫০ সূচকের শীর্ষ লাভকারী শেয়ারগুলির মধ্যে রিলায়েন্সের অবস্থান ছিল সর্বপ্রথম। আর এর মাধ্যমেই সম্পত্তিতে রেকর্ড উত্থান হল মুকেশ আম্বানির।