সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যামাক স্ট্রিটের (Camac Street) পার্টি অফিস নিয়ে অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই এই দাবি তুলে দমকল পার্টি অফিস খালি করা রয়েছে নোটিশ পাঠিয়েছিল, তাতে আপাতত অন্তবর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ফলে আপাতত তৃণমূল সাংসদের ওই দফতর খালি করার প্রয়োজন নেই। আগামী ১৬ সেপ্টেম্বর বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ এই মামলার রায় দেবে বলেই জানিয়েছে আদালত।
হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দিন কয়েক আগে পুরসভার আধিকারিকরা পুলিশবাহিনী নিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ডটি অবৈধ দাবি করে খুলে দেয়। পরে সেই ইস্যুকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও স্বস্তি পায়নি তৃণমূল কংগ্রেস। এমনকি তারই মধ্যে আবার দমকল বিভাগ ওই ভবনের মালিককে নোটিশ পাঠায়। অভিযোগ, সপ্তম এবং অষ্টম তলায় তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। তাই অবিলম্বে ওই দফতর খালি করতে হবে। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।
এদিন অভিষেকের আইনজীবী কিশোর দত্ত জানান, “ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম এই দুটি তলা লিজ নেওয়া হয়েছিল। চলতি বছরের ২৬ আগস্ট আমার লিজ বাতিল করা হয়। এখন দমকল বিভাগ বলছে যে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণ। তারা ভবনটি পরিদর্শন করে জানিয়েছে যে, ছাদে বেআইনি নির্মাণ হয়েছে। এমনকি সপ্তম তলায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। তবে পুরো ভবনটিতেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নেই বলে ঘোষণা করা উচিত ছিল। শুধুমাত্র সপ্তম এবং অষ্টম তলাকেই নিরাপদ নয় বলে বেছে নেওয়া হয়েছে। ভবনের মালিককে এই ইস্যু ঠিক করতে হবে।”
আরও পড়ুন: “বেতন পাচ্ছেন কাজ না করার জন্য নয়” সরকারি কর্মীদের তুলোধোনা হাইকোর্টের প্রধান বিচারপতির
অন্যদিকে রাজ্যের পক্ষ থেকে সওয়াল করে সুরজিৎ মিত্র জানান, সাত তলায় সিলিন্ডার পাওয়া গিয়েছে, এটি অস্বীকার করেননি বাড়ির মালিক। অনেক কিছুই ত্রুটিপূর্ণ। অভিষেকদের দাবি ছিল, এগুলি বাড়ির মালিকের দায়িত্ব। দুই পক্ষের বক্তব্য শুনে বিচারপতি কৃষ্ণ রাও জানান, অগ্নি নির্বাপণ ব্যবস্থার ছাড়পত্র পেতে সময় লাগে। একদিনে তা হয় না। সময় দিন। জবাবে খুশি না হলে আপনি ১৫ দিন সময় দিতেন। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার রায় দেবে আদালত। এর মধ্যে দফতর খালি করার প্রয়োজন নেই।