বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ (CJP Protest) কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ককরোচ জনতা পার্টির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছিল দিল্লি পুলিশ (Delhi Protest)। এবার তাঁদের প্রত্যেককেই গ্রেফতার করার সিদ্ধান্ত নিল তারা। ভারতীয় ন্যায় সংহিতার প্রতিশোধমূলক ধারার এক বিধানে তাঁদের গ্রেফতার করে আদালতে পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।
কেন গ্রেফতার হচ্ছেন অভিজিতরা?
অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে পারেন, জনজীবন স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিপদজনক ভূমিকা নিতে পারেন এমন সব ব্যক্তিদের ভারতীয় ন্যায় সংহিতার প্রতিশোধমূলক ধারায় আটক করার বিধান রয়েছে। সেই ধারা মেনেই গতকাল বিমানের ভেতর থেকে অভিজিতদের পাকড়াও করেছিল দিল্লি পুলিশ। তবে আটক হওয়ার পরেও অভিজিৎ সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, তাঁদের আটকে রাখলেও আন্দোলন অব্যাহত থাকবে।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিও বার্তায় অভিজিৎ জানিয়েছিলেন, তাঁদের পর আরশোলাদের আন্দোলনকে অব্যাহত রাখবেন অজিঙ্কা শিন্ডে। তাঁর হাতে পুরোপুরি আন্দোলনের দায়িত্ব সঁপে দিয়েছিলেন অভিজিৎ, সৌরভরা। আসলে আন্দোলন অব্যাহত রাখা নিয়ে সিজেপির এমন ঘোষণার কারণে এবার অভিজিতদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ।
আরও পড়ুন: বদলে গেল প্রশান্ত বর্মনের মামলার বেঞ্চ! কেন? প্রশ্ন আইনজীবীদের
কয়েকটি সূত্র মারফত যা খবর, গতকাল আন্দোলনকে প্রশমিত করতে যাঁদের আটক করা হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেরই পূর্বের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। কোনও রকম অপরাধমূলক কাজে তাঁরা জড়িত কিনা সে সবটাই খতিয়ে দেখে তাঁদেরও গ্রেফতার করা হতে পারে। এদিকে আরশোলাদের তরফে অজিঙ্কা অভিযোগ করেছেন, অভিজিৎ, আশুতোষ, সৌরভদের আটক করার পর তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাঁরা এখন কেমন আছেন এসব কিছুই জানায়নি দিল্লি পুলিশ। এমনকি তাঁদের আইনজীবীদের সাথেও দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শিন্ডে।