এবার ফাঁকা হবে পকেট, রেলের মতোই কলকাতা মেট্রোয় বাড়ল জরিমানা, দেখুন ফাইন চার্ট

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার শুধু দূরপাল্লার ট্রেন বা লোকাল ট্রেন নয়, কড়াকড়ি নিয়ম আনা হল মেট্রো পরিষেবাতেও (Kolkata Metro)। এখন থেকে বিনা টিকিটে যাতায়াত করলে বা মেট্রো স্টেশনে ধূমপান, অশালীন আচরণের মত নিয়মবিরুদ্ধ কাজ করলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে যাত্রীদের। রাজ্যে সরকার পরিবর্তন হতেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ (New Rules) নেওয়া হচ্ছে। আর সেই কথা মাথায় রেখে কলকাতা মেট্রো নিয়ে আসল জন বিশ্বাস আইন, ২০২৬।

ধরা পড়লে দিতে হবে ডবল ফাইন!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, কলকাতা মেট্রোতে যাত্রীদের আইনের শৃঙ্খলা বজায় রাখার জন্য চালু হচ্ছে জন বিশ্বাস আইন, ২০২৬। এই নতুন আইনের আওতায় বিভিন্ন অপরাধের ক্ষেত্রে জরিমানার অঙ্ক বাড়ানোর পাশাপাশি কয়েকটি ক্ষেত্রে কারাদণ্ডের নিয়মও আনা হয়েছে। আগে যেখানে বিনা টিকিটে ধরা পড়লে যাত্রীদের থেকে ২৫০ টাকা করে ফাইন দিতে হত, এখন সেই ফাইন বেড়ে হয়েছে ৫০০ টাকা। এছাড়াও কম দূরত্বের টিকিট কেটে যদি কেউ বেশি দূরত্বে ভ্রমণ করতে চায় তাহলে তাঁকেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। এখানেই শেষ নয়, একজন যাত্রী গেট পার হওয়ার সময় যদি তাঁর সঙ্গে আরেকজনও একই গেট দিয়ে বেরিয়ে যান, তাহলে ওই ব্যক্তিকে বিনা টিকিটের যাত্রী হিসেবে ধরা হবে এবং জরিমানা নেওয়া হবে।

৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে

যাত্রীদের সঠিক নিয়মের মধ্যে আনতে কলকাতা মেট্রোর তরফে স্পষ্ট জানানো হয়েছে, মেট্রোর কোচ, কামরা বা ভূগর্ভস্থ স্টেশনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এর পরেও যদি কেউ ধূমপান করে তাহলে তাঁর বিরুদ্ধে ২,০০০ টাকা জরিমানা নেওয়া হবে। এমনকি, টিকিট বা পাস বাজেয়াপ্ত করা হবে। কিন্তু কেউ যদি নির্ধারিত জরিমানা দিতে অস্বীকার করে তাহলে তাঁকে আদালতে হাজির করানো হবে ও ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি মদ্যপ অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হবে এবং তাঁর বিরুদ্ধে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তির ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: ‘কত টাকায় বিক্রি হলেন?’ বারুইপুরে সায়নীকে ঘিরে ‘বেইমান’ স্লোগান

কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, মেট্রো চত্বরে যদি কেউ অশালীন ভাষা ব্যবহার করেন, অসভ্য আচরণ করেন বা অন্য যাত্রীদের অসুবিধায় ফেলেন তাহলে তাঁর বিরুদ্ধে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীর টিকিটও বাতিল করা হবে। এছাড়াও অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে ৫০০ টাকা জরিমানা হবে। তাই কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আবেদন, সকল যাত্রী যেন নিয়ম মেনে চলেন এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রশাসনকে সহযোগিতা করেন। এখন দেখার এই নয়া নিয়ম কতটা প্রভাব ফেলতে পারে যাত্রীদের মধ্যে।

Leave a Comment