এবার বিদেশে রপ্তানি হবে বন্দে ভারত এক্সপ্রেস, প্রস্তুতি রেলের

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের মধ্যে সবথেকে দ্রুতগতির ট্রেন হিসেবে বন্দে ভারত (Vande Bharat Express) ইতিমধ্যেই নাম কামিয়েছে। দেশের একাধিক রুটে চলছে এই অত্যাধুনিক হাই স্পিড ট্রেন। এমনকি প্রত্যেকটি রাজ্য সরকার চাইছে যাতে তাদের অঞ্চলেও এই ট্রেন চলুক। তবে এবার দেশের গন্ডি কাটিয়ে বিদেশেও এই বন্দে ভারত ট্রেন রপ্তানির প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। ফলে তা যদি সম্ভব হয়, তাহলে মেড ইন ইন্ডিয়া প্রযুক্তি যে আরও একধাপ এগোবে তা বলার অপেক্ষা রাখে না।

এবার বিদেশে রপ্তানি হবে বন্দে ভারত?

প্রসঙ্গত, ভারতের বেশিরভাগ ট্রেন বর্তমানে ব্রডগেজের মাধ্যমেই চলে। এই লাইন মোটামুটি ১.৬৭ মিটার চওড়া। তবে ইউরোপ বা বেশিরভাগ দেশের ট্রেন স্ট্যান্ডার্ড গেজের মাধ্যমেই চলে। সেক্ষেত্রে ওই লাইনের প্রস্থ ১.৪৩ মিটার। যদিও কিছুদিন আগে ভারতে ন্যারো গেজ ট্রেন চলত। তবে এখন তা সম্পূর্ণ ব্রডগেজে রূপান্তর করা হয়েছে। কিছু কিছু জায়গায় যদিও এখনও পর্যন্ত বিকল্প ব্যবস্থা চালু রয়েছে। যেমন দার্জিলিং, সিমলা ইত্যাদি জায়গায় এখনও টয় ট্রেন দেখা যায়।

তবে ভারতীয় প্রকৌশলীরা বন্দে ভারত তৈরি করেছিলেন ব্রডগেজের উপর ভিত্তি করেই। যদিও বিদেশে বর্তমানে ব্যবহার হয় স্ট্যান্ডার্ড গেজ। তাই সেক্ষেত্রে যদি এই ট্রেন সেট বিদেশে রপ্তানি করতে হয় তাহলে গেজ পরিবর্তন করতে হবে। এমনকি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, রেলমন্ত্রকের অধীনস্থ সরকারী সংস্থা রাইটস লিমিটেড বিদেশের বাজারে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে স্ট্যান্ডার্ড গেজ প্ল্যাটফর্মে বন্দে ভারত ট্রেন রপ্তানির পরিকল্পনা খতিয়ে দেখছে।

আরও পড়ুন: এবার শিয়ালদা থেকে ভারতের শেষ সীমান্ত অবধি চলবে বন্দে ভারত? প্রস্তুতি রেলের

এমনকি ওই প্রতিবেদন আরও দাবি করছে, সংস্থাটি আন্তর্জাতিক বাজারে স্ট্যান্ডার্ড গেজ বন্দে ভারত ট্রেন সরবরাহ করার সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেখানে পরীক্ষার জন্য ট্রেন সেটগুলি পাঠানোর আগে ব্রডগেজের পরিবর্তে স্ট্যান্ডার্ড গেজ প্ল্যাটফর্মের প্রোটোটাইপ র‍্যাক তৈরি করতে হবে। এদিকে, বন্দে ভারত এক্সপ্রেসকে একটি সেমি হাই স্পিড ট্রেন হিসাবেই ডিজাইন করা হয়েছে। এর গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। এমনকি মাত্র ৫২ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে এই ট্রেন। তবে যদি সত্যিই বিদেশে এই ট্রেন রপ্তানি হয়, তাহলে যা ভারতীয় রেলের জন্য যে ইতিহাস হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment