এশিয়ান জিমন্যাস্টিকে সোনা জিতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন নবদ্বীপের মেয়ে স্নেহা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে অলিম্পিক, এশিয়ান গেমসে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ুক এমনটাই চায় পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। সম্প্রতি নবান্নের সভা ঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্য থেকে অলিম্পিকে অংশগ্রহণ করলেই অর্থ দেবে পশ্চিমবঙ্গ সরকার। এরই মাঝে এবার এশিয়ান গেমসের জিমনাস্টিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক জিতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন নবদ্বীপের (Nabadwip) মেয়ে স্নেহা মন্ডল (Sneha Mondal)। ইতিমধ্যেই তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এশিয়ান গেমসে সোনা জিতেই কনস্টেবলের চাকরি পেলেন স্নেহা

নবদ্বীপ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কপালি পাড়া এলাকার বাসিন্দা স্নেহা। সম্প্রতি এশিয়ান গেমসের জিমনাস্টিক প্রতিযোগিতায় লড়াই করে জয় ছিনিয়ে এনেছেন তিনি। জিতে নিয়েছেন সোনার মেডেল। এশিয়ার মঞ্চে দেশের নাম উজ্জ্বল করায় নবদ্বীপের মেয়ে স্নেহাকে তাঁর প্রাপ্য সম্মান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

গত শনিবার, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে নবান্নে আয়োজিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই রাজ্যের ক্রীড়াবিদদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনই নবদ্বীপের স্নেহার হাতেও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। সঙ্গে স্নেহাকে দেওয়া হয়েছিল একটি চেকও। মুখ্যমন্ত্রীর তরফে কনস্টেবল পদে চাকরির জয়নিং লেটার পেয়ে আপ্লুত বাংলার সোনা জয়ী খেলোয়াড়।

 

আরও পড়ুন: সেপ্টেম্বর আসার আগেই নন্দীগ্রাম থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এমন প্রাপ্তির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্নেহা জানিয়েছেন, মাত্র এক বছর বয়স থেকেই জিমনাস্টিক প্র্যাকটিস করতেন তিনি। ছেলেবেলা থেকেই পরিবারে অভাব ছিল। তাই অনেক কষ্ট করে তাঁকে জিমনাস্টিক শিখিয়েছে তাঁর পরিবার। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে স্বপ্ন পূরণের লড়াইটা যে কতটা কঠিন সেটা জানেন নবদ্বীপের স্নেহা। তাই মুখে না বললেও এশিয়ান গেমসে শোনা জয়ের পর পুলিশের চাকরিতে নিয়োগপত্র পাওয়ার বিষয়টি খানিকটা স্বপ্নের মতোই লাগছে তাঁর!

Leave a Comment