কলকাতার কাছে এক টুকরো ভিয়েতনাম, ঘুরে আসুন সবুজ তাপাং লেক থেকে

সহেলি মিত্র, কলকাতাঃ বিদেশে ঘুরতে যেতে মন চাইছে অথচ বাজেট নেই? আপনাকে যদি বলি সুদূর ভিয়েতনাম এক টুকরো যদি আপনি ভারতেই পেয়ে যান? হা লং বে-র মতো দেখতে যদি সবুজ জলরাশি এখানেই পেয়ে যাবেন তাহলে কেমন হয়? শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। ভারতের বুকেই রয়েছে এমন এক জায়গা যেখানে গেলে আপনার তো আর ফিরে আসতে ইচ্ছাই হবে না, উল্টে সেই জায়গার প্রেমে পড়ে যাবেন। নিশ্চয়ই ভাবছেন কোন জায়গা? তাহলে জানিয়ে রাখি, আজ কথা হচ্ছে কলকাতা থেকে কাছের তাপাং লেক (Tapang Lake) নিয়ে।

যাবেন নাকি তাপাং লেক?

এই তাপাং লেক দেখলে কোনও অংশে মনে হবে না এটা ভারতে রয়েছে। সবুজ জলরাশি সামনে ছোট ছোট পাহাড় একদম আপনাকে ভিয়েতনামের আমেজ দেবে। অবশ্যই খরচ অনেক কম হবে এই জায়গায় আসতে। তাপাং গ্রীন লেক ওড়িশার খুরদা জেলায় নিঝিগড়ে অবস্থিত। এই জায়গায় এখনও অবধি খুব কম মানুষেরই পা পড়েছে। শোনা যায়, কিছু বছর আগে অবধি এই জায়গায় মানুষের যাতায়াতের ওপর পুরো নিষেধাজ্ঞা ছিল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তবে এখন নাকি পরিস্থিতি অনেকটাই বদলেছে।

আরও পড়ুনঃ চলবে ৪ মাস, কলকাতা-ঋষিকেশ স্পেশাল ট্রেন দিল রেল, জানুন রুট ও ভাড়া

ফেসবুক, ইউটিউবে সার্চ করলে এই লেকের সুন্দর কিছু ছবি, ভিডিও আপনাকে অবাক করে দেবে। মনেই হবে না জায়গাটি ভারতে অবস্থিত। এমনিতে ভারতে অনেক রহস্যময় জায়গা রয়েছে যেখানে না যাওয়াই উচিৎ, যার মধ্যে অন্যতম হল এই তাপাং লেক। বিশেষ করে যারা কলকাতা থেকে সড়ক পথে পুরী যান বা পুরী থেকে ভুবনেশ্বর ঘুরতে আসেন। তারা এই জায়গাটি একবার ঘুরে আসতেই পারেন কারণ রাস্তার পাশেই পড়ছে তাপাং গ্রিন লেক। জানা গিয়েছে, একটা কৃত্রিম জলাশয়, যা ‘ওড়িশার মিনি লাদাখ’ বা সবুজ লেক নামে পরিচিত। পরিত্যক্ত পাথরের খনিতে বৃষ্টির জল জমে সৃষ্ট হয়েছে এই স্থানটি। নীল-সবুজ স্বচ্ছ জল, উঁচু পাথর ও ছবির মতো সুন্দর প্রকৃতি চোখের ক্ষেত্রে আরাম মনে হবে।

কীভাবে যাবেন?

খুরদা শহর থেকে ১০ কিমি এবং ভুবনেশ্বর থেকে প্রায় ৩৭ কিমি এবং ব্রহ্মপুর থেকে ১৩৮ কিমি দূরে রয়েছে এই তাপাং গ্রীন লেক। কলকাতা থেকে সড়কপথে ৪৫০ কিমি। এছাড়াও ট্রেনে করে যেতে গেলে আপনি ভুবনেশ্বর কিংবা তাপাং স্টেশনে নেমে এই জায়গায় যেতে পারবেন। আপনি ভুবনেশ্বর থেকে অটো ভাড়া করে ধুলোয় ভরা রাস্তা পার করে আপনি পাহাড়ের বুকে লুকিয়ে থাকা তাপাং লেকে অনায়াসেই পৌঁছে যেতে পারবেন।

Leave a Comment