কলকাতার পুজোয় নতুন উদ্যোগ আদানি গ্রুপের, মিলবে ২৫ লক্ষ টাকা পুরষ্কার, কারা পাবেন?

প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় এবার দুর্গাপুজোকে (Durga Puja 2026) নিয়ে বেনজির পদক্ষেপ নিল আদানি গ্রুপ (Adani Group)৷ জানা গিয়েছে, ইউনেস্কোর দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত দুর্গাপুজোকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিতে মঙ্গলবার আদানি গ্রুপের পক্ষ থেকে ‘দুর্গা পুজো আদানি প্রিভিউ’ (Adani Durga Puja Preview) নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। যেখানে অংশগ্রহণ করতে পারবেন শিল্পী ও পুজো কমিটিগুলি। শুধু তাই নয়, তাদের শিল্পকর্ম ও ভাবনার নিদর্শনগুলি তুলে ধরার মধ্যেও থাকবে অর্থ পুরস্কারের সুবিধা।

পুজোয় এবার বিশেষ উদ্যোগ আদানি গোষ্ঠীর

রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর দুর্গাপুজোকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে শুরু থেকেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি সরকার। এমতাবস্থায় ‘এশিয়ান পেন্টস শারদ সম্মান’, ‘বার্জার প্রিয় পুজো’, ‘এক্সাইড আমিই শ্রেষ্ঠ শারদ সম্মান’, ‘নেরোল্যাক সেরা পাড়া সেরা পুজো’, ‘স্নোসেম পুজো পারফেক্ট’ এর পরে এ বার কলকাতার পুজোয় বিশেষ উদ্যোগ নিল আদানি গ্রুপ। জানা গিয়েছে, মঙ্গলবার আদানি গ্রুপের পক্ষ থেকে ‘দুর্গা পুজো আদানি প্রিভিউ’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।

এই ওয়েবসাইটে শিল্পী এবং পুজো কমিটিগুলি তাদের প্রজেক্ট বা থিম সংক্রান্ত ভাবনা ও বাকি তথ্য জমা দিতে পারবেন আগামী ২৫ সেপ্টেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। শুধুমাত্র কলকাতা পুরনিগম, বিধাননগর পুরনিগম ও দক্ষিণ দমদম পুরনিগমের অন্তর্গত দুর্গাপুজো কমিটিগুলি এই মনোনয়ন জমা দিতে পারবে।

পরপর তিনদিন চলবে এই পরিক্রমা

সংস্থা সূত্রে জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত IAS আধিকারিক তথা আদানি গ্রুপের অ্যাডভাইজার সঞ্জয় থাড়ের তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, শিল্পভাবনা এবং বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য তুলে ধরাই হবে এই প্রিভিউয়ের মূল লক্ষ্য। সেক্ষেত্রে তদারকি করবেন দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা। আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত তিন রাত ধরে চলবে এই বিশেষ পরিক্রমা। জানা গিয়েছে এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আটটি সেরা পুজোকে বেছে নেওয়ার পর তাঁদের ২৫ লক্ষ টাকার অনুদান দেওয়া হবে। যার মধ্যে ১০ লক্ষ টাকা প্রধান শিল্পীকে দেওয়া হবে এবং বাকি ১৫ লক্ষ টাকা পুজো কমিটিকে দেওয়া হবে।

আরও পড়ুন: পুজোর মুখে ফের ED হানা কলকাতায়, নেপথ্যে বিদেশি মুদ্রা কাণ্ড

প্রবেশের জন্য দিতে হবে না কোনও মূল্য

আদানি গ্রুপের এই পরিকল্পনা অনুযায়ী, এই প্রিভিউ শুধুই কর্পোরেট অতিথিদের জন্য নয়। প্রবীণ নাগরিকদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদমাধ্যম, ইনফ্লুয়েন্সার, শিক্ষাবিদ, পড়ুয়া, কর্পোরেট প্রতিনিধি এবং পুজো উদ্যোক্তাদেরও আমন্ত্রণ জানানো হবে। প্রবেশের জন্য দিতে হবে না কোনও মূল্য, শুধু QR কোডের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় প্রবেশের অনুমতি নিতে হবে। তাই সব মিলিয়ে আদানির এই উদ্যোগে আশা করা যাচ্ছে যে এর মাধ্যমে দুর্গাপুজোর শিল্পভাবনা ও আয়োজনকে উৎসাহ দেওয়ার পাশাপাশি রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষের কাছেও উৎসবের আর্থিক সুফল পৌঁছে যাবে।

Leave a Comment