“কেন আপনাদের আইনের আওতায় আনা যাবে না?” BCCI-কে সপাটে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো এক মামলায় ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সহ সমস্ত রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সরাসরি প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার, এক সংস্থার দায়ের করা মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের (Supreme Court Of India) প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ ভারতীয় ক্রিকেট বোর্ড সহ সমস্ত রাজ্যের ক্রিকেট সংস্থাকে প্রশ্ন করে, “কেন আপনাদের ভারতীয় ক্রীড়া পরিচালনা আইন 2025 এর আওতায় নিয়ে আসা যাবে না?”

BCCI এর উদ্দেশ্যে বড় প্রশ্ন সুপ্রিম কোর্টের

2014 সালে প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকারিতা এবং সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। আর এই মামলাতেই ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার উন্নতির স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথমে শীর্ষ আদালত প্রাক্তন প্রধান বিচারপতি আর. এম. লোধার নেতৃত্বে একটি কমিটি গঠন করে দেয়। সেই কমিটিকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ সংস্কারমূলক পদক্ষেপের পরামর্শ দেওয়ার এবং বোর্ডের জন্য একটি নতুন সংবিধান খসড়া তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

পরবর্তীতে, 2022 সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট লোধা কমিটি পরামর্শগুলিকে গ্রহণ করে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কাঠামো, কার্যকারিতা এবং সংগঠন উন্নত করার জন্য বেশ কিছু বিধান বাস্তবায়ন করে। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্ট বোর্ডের আধিকারিকদের কার্যকাল সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে পূর্ববর্তী আদেশ সংশোধন করার অনুমতি দেয়। নির্ধারিত নিয়মে একজন আধিকারিক রাজ্য ক্রিকেটে 6 বছর এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে 6 বছর মিলিয়ে টানা 12 বছর কাজ করতে পারেন। এই কার্যকাল শেষ হলে পরবর্তী 3 বছর কুলিং পিরিয়ড হিসেবে ধরা হয়।

 

আরও পড়ুন: অরুণাচল-আকসাই চিন আলাদা অঞ্চল, UN-র নতুন বিশ্ব মানচিত্রে বেজায় ক্ষুব্ধ ভারত

যদিও বিগত দিনগুলিতে অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ সব ক্ষেত্রে যথাযথভাবে মানা হয়নি। আর তারপরেই পুরনো সেই মামলায় মঙ্গলবার শুনানি চলাকালীন প্রধান বিচারপতির বেঞ্চ ভারতীয় ক্রিকেট বোর্ড সহ সমস্ত রাজ্যের ক্রিকেট সংস্থাকে একেবারে সরাসরি প্রশ্ন করে, কেন তাদের পদাধিকারীদের কার্যকাল এবং চাকরির শর্তাবলী 2025 সালের জাতীয় ক্রীড়া শাসন আইনের অধীনে হওয়া উচিত নয়? এক কথায়, এমন প্রশ্ন তুলেই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অন্যান্য রাজ্যের ক্রিকেট সংস্থার কাছে ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment