সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুলের ভিতরে ঢুকে ছাত্রীদের উপর করাত দিয়ে হামলার অভিযোগ উঠেছিল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। অবশেষে সেই মূল অভিযুক্ত হেমন্তকে এনকাউন্টার করল অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) পুলিশ। অনন্তপুর জেলার রাপ্তাডু সরকারি উচ্চ বিদ্যালয়ে ঘটেছিল এই নৃশংস হামলা। তবে এদিন আত্মাকুরের জঙ্গলে আত্মগোপন করে থাকার সময় পুলিশের ওপর আক্রমণ চালিয়ে পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হয়ে অনন্তপুর সরকারি জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সে।
হামলাকারী মূল অভিযুক্তকে এনকাউন্টার করল পুলিশ
শনিবার সকাল দশটা নাগাদ অনন্তপুর জেলার রাপ্তাডু জেলা পরিষদ সরকারি উচ্চ বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ২১ বছর বয়সী হেমন্ত একটি করাত নিয়ে আচমকা শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। এরপর ক্লাসে ঢুকেই সে এক দশম শ্রেণির ছাত্রীর ওপর আক্রমণ চালায়। সহপাঠীকে বাঁচাতে ক্লাসের অপর এক ছাত্রী এগিয়ে এলে অভিযুক্ত তাঁর ওপরেও হামলা চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই দুই কিশোরী ক্লাসরুমের বেঞ্চ থেকে মাটিতে লুটিয়ে পড়ার পর হেমন্ত সেখানেই করাত ফেলে রেখে চম্পট দেয়। এরপর রক্তাক্ত ওই দুই ছাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই নৃশংস ঘটনার পরপরই অন্ধ্রপ্রদেশ সরকারের নির্দেশে রাজ্য পুলিশ অভিযুক্তকে ধরতে শুরু করে তল্লাশি অভিযান। হেমন্তের খোঁজে মোট ২৫টি বিশেষ পুলিশ দল গঠন করা হয়। এমনকি বিভিন্ন এলাকা ও জঙ্গল লাগোয়া অঞ্চলে শুরু হয় চিরুনি তল্লাশি। রবিবার বিকালে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে আত্মাকুর বনাঞ্চলে হেমন্ত আত্মগোপন করে রয়েছে। তথ্য নিশ্চিত হওয়ার পরপরই দুটি বিশেষ পুলিশ দল গোটা এলাকা ঘিরে ফেলে।
এ বিষয়ে অনন্তপুর পুলিশ সুপার পি জগদীশ সাংবাদিককে জানান, পুলিশ যখন হেমন্তকে সব দিক দিয়ে ঘিরে ফেলে আত্মসমর্পণ করতে বলে, তখন সে পুলিশের নির্দেশ অমান্য করেই এলোপাথাড়ি পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে শূন্যে দুই রাউন্ড গুলি চালায়। তবে অভিযুক্ত উল্টে তাঁর কাছে থাকা ছুরি নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এক সার্কেল ইন্সপেক্টরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে।
VIDEO | Andhra Pradesh: Police arrest the accused in an assault case at a government school in Anantapur district.
The police on Sunday opened firing at the man accused of attacking two girl students inside a classroom in this district using a chainsaw, after he allegedly tried… pic.twitter.com/0f5oGlu3RK
— Press Trust of India (@PTI_News) November 1, 2026
আরও পড়ুন: দুর্মূল্যের বাজারে বিরাট স্বস্তি! আমডাঙ্গায় বিকোচ্ছে মাত্র ১০০ টাকা কেজি চিকেন
পুলিশের আরও দাবি, আত্মরক্ষার্থে এবং অভিযুক্তকে বাগে আনতে পুলিশ পাল্টা ছয় রাউন্ড গুলি চালায়। পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে অভিযুক্ত। এরপর তাঁকে দ্রুত আটক করে অনন্তপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।