আনিষা চৌধুরী, কলকাতা: ‘খাম’ প্রতীক নিয়ে চলা দীর্ঘদিনের টানাপোড়েন এবার সোজা কলকাতা হাই কোর্টে (Calcutta High court)। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে আগেই চিঠি দিয়েছিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (ISF) একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হতে চলেছে তাঁর দল। সূত্রের খবর, সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলা দায়ের হতে পারে। আগামী ৬ অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তার আগে পুরনো প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে আদালতের সম্মতি চাইছে নওশাদ।
কেন ‘খাম’ নিয়ে আপত্তি আইএসএফের?
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে এই ‘খাম’ প্রতীকেই ভোটের ময়দানে লড়াই করেছে আইএসএফ। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মধ্যে দলীয় বিভাজনের পর নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ‘খাম’ প্রতীক দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে। এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি তোলে আইএসএফ। নওশাদের প্রশ্ন ছিল, যে প্রতীকটি তাঁদের দল এতদিন ধরে ব্যবহার করে আসছে এবং যা দলের সঙ্গে একান্তভাবে যুক্ত, সেটি অন্য একটি দলকে কীভাবে দেওয়া হল? বিষয়টি নিয়ে কমিশনকে আইনি চিঠি পাঠানোর কথাও জানিয়েছিলেন তিনি।
দুই দলের মধ্যে প্রতীক নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পরে আইএসএফকে বিকল্প হিসেবে ‘আলমারি’ প্রতীক দেওয়া হয়। তবে সেই সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট হয়নি নওশাদের দল। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নির্বাচনে ব্যবহৃত ‘খাম’ প্রতীকের সঙ্গে দলের পরিচিতি তৈরি হয়েছে। বাংলার মানুষ একটি চিহ্ন দেখে দলকে কল্পনা করে। এই খাম চিহ্নটি তাদের দলের সঙ্গে জুড়ে গিয়েছে। ফলে হঠাৎ করে অন্য প্রতীকে চলে যাওয়ার সিদ্ধান্ত তাঁরা কোনওভাবেই মেনে নিতে চাইছেন না। সেই কারণেই এবার কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের পথ বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শত্রুদের যম! হাজার কিমি পাল্লার KAL ড্রোনের পরীক্ষায় সফল ভারত
উপনির্বাচনের আগে শুনানির আবেদন
নওশাদ সিদ্দিকির পক্ষ থেকে আরও একটি বিষয় সামনে আনা হয়েছে। নন্দীগ্রামের মতন একটি জায়গায় একেবারে নতুন একটি রাজনৈতিক দল কীভাবে এত তাড়াতাড়ি স্বীকৃতি পেল? সেই দলের হাতে ‘খাম’ প্রতীক কীভাবে গেল? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। হাই কোর্টে দায়ের হতে চলা মামলায় এই বিষয়গুলিই গুরুত্ব পেতে পারে বলে সূত্রের খবর। এখনও শুনানির দিন চূড়ান্ত হয়নি। তবে ৬ অক্টোবরের উপনির্বাচনের আগে বিষয়টির নিষ্পত্তির জন্য দ্রুত শুনানির আবেদন করেছেন আইএসএফ। এখন কার হাতে কোন চিহ্ন যায় সেদিকেই নজর বাংলার মানুষের।
Naushad Siddiqui,