চালু হল ডেথ-বার্থ সার্টিফিকেটের পোর্টাল, নতুন শংসাপত্র দেবে কলকাতা পুরসভা

অনন্যা সরকার, কলকাতা: জন্ম-মৃত্যুর শংসাপত্র (Birth and Death Certificate) তৈরির জন্য এতদিন হয়রান হচ্ছিলেন বহু মানুষ। দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় ধরে সরকারি পোর্টাল বন্ধ থাকার কারণে অনলাইনে আবেদন করা যাচ্ছিল না। সোমবার থেকে কলকাতায় আবার চালু হয়েছে পোর্টালটি, ফলে পুরনো জন্ম মৃত্যুর শংসাপত্রের জন্য আবেদনের কাজ শুরু হয়ে গিয়েছে। এতদিন নতুন বার্থ ও ডেথ সার্টিফিকেট ইস্যু করা গেলেও, জন্মানো ও মৃত ব্যক্তিদের পুরনো সার্টিফিকেট বের করা যাচ্ছিল না। এমনকি পুরনো সার্টিফিকেটের ডিজিটাল কপিও ডাউনলোড করা সম্ভব হচ্ছিল না পোর্টাল থেকে। তবে চলতি সপ্তাহেই এই সমস্যার সমাধান করেছে কেন্দ্র সরকার।

সরকারি পোর্টালে জন্ম-মৃত্যুর শংসাপত্র ইস্যু করার কাজ আবার চালু হল

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর গত ২০ মে থেকে আংশিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল জন্ম ও মৃত্যু শংসাপত্রের পোর্টাল। এতদিন শুধু নতুন জন্ম ও মৃত্যুর সার্টিফিকেটের জন্য আবেদন করার পরিষেবা চালু ছিল। তবে পুরনো রেকর্ড থেকে সার্টিফিকেট ইস্যু করার কাজটি বন্ধ রেখেছিল সরকার। দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় এই অবস্থা চলায়, কলকাতা পৌরসভায় পুরনো সার্টিফিকেটের জন্য সরাসরি আবেদন জমা করছিলেন বহু মানুষ। কলকাতা পুরসভার সূত্রে জানা গেছে, শুধুমাত্র এই শহরেই এই ক’দিনে ১৪ থেকে ১৬ হাজার আবেদন জমা পড়েছে। এতদিন এই দরকারি নথির অভাবে অনেক সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ নাগরিকদের। 

আরও পড়ুন: Paytm বা Phonepe নয়, প্রয়োজন হলে এই অ্যাপ থেকেই তুলতে পারবেন PF-র টাকা!

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে শুরু করে পাসপোর্ট তৈরি থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা ও পরীক্ষার ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয়। পুরনো জন্ম শংসাপত্র যাচাইয়েরও দরকার পড়ে অনেক কাজে। যেহেতু সরকারি পোর্টাল বন্ধ ছিল তাই সেই ভেরিফিকেশন প্রক্রিয়াও আটকে ছিল এতদিন। তাই দুর্ভোগ পোহাতে হচ্ছিল অনেককেই। এখন কাজ শুরু হওয়ায় এই সমস্যা ধীরে ধীরে দূর হবে বলে আশা করা হচ্ছে। 

আপাতত কলকাতা শহরেই কেন্দ্রীয় পোর্টালটি চালু করা হয়েছে, পশ্চিমবঙ্গের বাকি জেলা থেকে জেলাশাসকরা এখনও পুরসভা এবং পঞ্চায়েতের রেজিস্ট্রারদের নাম পাঠাতে পারেননি। এই তালিকা আসার পরেই ধীরে ধীরে রাজ্যের অন্য জেলার মানুষরাও পোর্টালে সার্টিফিকেট ইস্যু করতে পারবেন। 

প্রসঙ্গত, যে রেজিস্ট্রাররা সার্টিফিকেটের স্বাক্ষর করবেন তাদের নিয়ে জটিলতা তৈরি হয়েছে। জন্ম ও মৃত্যু শংসাপত্রে স্বাক্ষরকারী ব্যক্তিদের নিয়ে নতুন নিয়ম জারি করেছে স্বাস্থ্য দপ্তর। এই কারণে বিগত কিছু সপ্তাহ ধরে কলকাতার বিভিন্ন শ্মশানঘাট ও কবরস্থান থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায়নি। নতুন বার্থ সার্টিফিকেট দেয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা যাচ্ছে।

আরও পড়ুন: যোগান বাড়তেই এক ধাক্কায় দাম কমলো ইলিশের, বাজারে কত করে মিলছে রূপোলি শস্য?

সম্প্রতি রাজ্য সরকার কলকাতা পুরসভা কে নতুন করে রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার নিয়োগ করার ও তাদের দায়িত্ব বন্টন করে দেওয়ার অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় পোর্টালটি ব্যবহারের জন্য তাদের নতুন লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তারপর থেকেই এই পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়। পুরসভা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার থেকেই শহরের বিভিন্ন শ্মশানঘাট ও কবরস্থানে ডেথ সার্টিফিকেট ইস্যু করার কাজ পুনরায় চালু হয়েছে। আর সোমবার থেকে সরকারি পোর্টালটি চালু হয়ে যাওয়ায় পুরনো জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজও শুরু করা গেছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা আবেদনগুলির এবার নিষ্পত্তি হতে চলেছে জেনে খুশি সাধারণ মানুষ। 

Leave a Comment