সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গোটা দেশজুড়ে চলছে আন্দোলন। ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একের পর এক বিরোধী নেতাদের আটক করে পুলিশ। সেই প্রতিবাদে মঙ্গলবার কালীঘাট তৃণমূলের তরফ থেকে মিছিলের ডাক দেওয়া হয় কলকাতায়। তবে সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কথা মতো মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ বাহিনী। কার্যত রাজাবাজার থেকে বেরোতেই পারে না তৃণমূলের মিছিল। তবে ককরোচদের নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু।
সিজেপির প্রতিবাদ নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হয়েছিল ককরোচ জনতা পার্টির আন্দোলন। তারপর থেকেই শক্তি বাড়ে তাদের। সিজেপির সেই দাবি মেনে পদত্যাগ করেছিলেন ধর্মেন্দ্র। তবে এবার পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যে অনিয়মিত এসআইআর চালিয়ে যোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। সেই আন্দোলনে সামিল হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের একাধিক নেতারা।
দেশজুড়ে ক্রমশ বাড়ছে ককরোচদের আন্দোলনের পারদ। সেই ইস্যুতেই এবার কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বনগাঁর পুজো উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যর মেলবন্ধনকে আরও মজবুত করবেন। অনেক ছারপোকা, আরশোলারা ভারতবর্ষের ভিতরে থেকে ভারতবর্ষকে দুর্বল করার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকবেন। দিমাগী নকশালরা কাশ্মীর মাঙ্গে আজাদী বলছেন। এখান থেকেও সতর্ক থাকবেন। এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী রাখবেন।”
পড়তে ভুলবেন না: গণপতির কৃপায় কপাল খুলবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৪ অক্টোবর
মুখ্যমন্ত্রীর পাশাপাশি ককরোচদের আন্দোলনে বিদেশি ফান্ড রয়েছে বলে অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ককরোচ আন্দোলনের পিছনে বহিরাগত শক্তি বা দেশ বহির্ভূত শক্তি এতে অংশগ্রহণ আছে। কারা আছে, কী আছে সে আমি বলার অধিকারী নই। যারা বলার, ভারতবর্ষের যে এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলো সঠিক সময় সঠিক তথ্য তুলে আনবে। পুরোটাই হচ্ছে প্ল্যান করে করা।”