বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রীর সিংহাসনটা একই থাকলেও মানুষটা বদলেছে। গত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বাংলার মসনদ থেকে সরেছে তৃণমূল কংগ্রেস। প্রথমবারের মতো বঙ্গের শাসনভার পেয়েছে ভারতীয় জনতা পার্টি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। পুজোর মরসুম শুরু হতেই কলকাতার একের পর এক পুজো উদ্বোধন করছেন তিনি। অন্যদিকে ক্ষমতা হারিয়ে একপ্রকার বাড়িতেই সময় কাটছে মমতার (Mamata Banerjee)। যদিও তৃতীয়ার দিন এবছর প্রথম বারের মতো পাড়ার একটি পুজো উদ্বোধন করতে ডাকা হয়েছিল তৃণমূল নেত্রীকে। আর সেখানে গিয়েই মমতার সাথে ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা।
মমতার উপর হামলার চেষ্টা তরুনীর
পাড়ার পুজো উদ্বোধন করতে গিয়ে বাচ্চাদের দিয়ে ফিতে কাটান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ততক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল। তবে পুজো উদ্বোধন করে বেরিয়ে আসতেই ঘটে বিপত্তি। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করে বেরিয়ে যাচ্ছেন সেই সময় হঠাৎ এক মহিলা রাস্তার উপর শুয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। সেটা শুনেই দাঁড়িয়ে যান তৃণমূল নেত্রী। ঠিক সেই সময় ছুটে গিয়ে মমতার উপর ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন তিনি, এমনটাই অভিযোগ করেছেন মমতাপন্থীরা।
যা খবর, এই মুহূর্তে সুস্থ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রকম আঘাত লাগেনি তাঁর। জানা গিয়েছে, মমতার উপর হামলার চেষ্টা করা ওই তরুণীর নাম তন্নিষ্ঠা সাহা। অভিযুক্ত মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ারই বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনেকেই সন্দেহ করেছিলেন পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার চেষ্টা করেছিলেন ওই মহিলা। যদিও পরবর্তীতে জানা গিয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে কালীঘাট থানার পুলিশ। তবে ওই মহিলা সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।
আরও পড়ুন: কোন মেট্রো স্টেশনে নামলে কলকাতার কোন পুজো দেখতে পাবেন? রইল তালিকা
প্রসঙ্গত, গত বছরও যেখানে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুজোর উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পর্বে চলতি বছর তাঁকে বাড়িতেই থাকতে হচ্ছে। যদিও সম্প্রতি দিল্লি থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে এসেছেন তৃণমূল সুপ্রিমো। সেজন্য অবশ্য দিল্লি পুলিশের হাতে আটকও হতে হয়েছিল মমতাদের। পরে ছেড়ে দেওয়া হলে কলকাতায় ফিরে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।