প্রীতি পোদ্দার, কলকাতা: আর কিছুদিন পরেই শেষ হতে চলেছে কার্তিক মাস (Kartik Month)। হিন্দু ধর্মে এই মাসের গুরুত্ব অত্যাধিক। কারণ এই মাসে পূজিত হন মা কালী, ঘরে ঘরে আয়োজন করা হয় দীপান্বিতা লক্ষ্মীপুজোর (Kartik Month Traditions)। কিন্তু জানেন কি এই মাসকে কেন দামোদর মাস বলে? কেনই বা জ্বালানো হয় আকাশ প্রদীপ? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
কেন বলা হয় দামোদর মাস?
শাস্ত্র অনুযায়ী, ‘দাম’ শব্দের অর্থ দড়ি এবং ‘উদর’ শব্দের অর্থ পেট। অর্থাৎ যাঁর পেটে দড়ি বাঁধা হয়েছিল, তিনিই দামোদর। আর এই কার্তিক মাসকে দামোদর মাস বলার নেপথ্যে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বৃন্দাবনে বাল্যকালে শ্রীকৃষ্ণ খুব দুষ্টুমি করতেন, তাই একদিন শাস্তিস্বরূপ মা যশোদা দুষ্টুমি করার অপরাধে শ্রীকৃষ্ণকে কাঠের স্তম্ভের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন কৃষ্ণকে। কিন্তু যশোদা দেবী যতবার দড়ি লাগান না কেন, প্রতিবারই দড়ি দুই আঙুল কম পড়ত। শেষে মায়ের এই পরিশ্রম দেখে ভগবান কৃষ্ণ নিজে থেকেই তাঁর কাছে ধরা দেন এবং বশীভূত হন। এইজন্য এই সময়কে দামোদর মাস বলে।
জ্বালাতে হয় আকাশ প্রদীপ
জানা যায়, কার্তিক মাসে শ্রীকৃষ্ণ এই লীলা দেখিয়েছিলেন বলে ভক্তরা ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপদান করেন এবং ‘দামোদরাষ্টকম’ প্রার্থনা গান করেন। সন্ধ্যে হলেই নিকষ আঁধারে জ্বলে উঠত বিন্দু বিন্দু আলো। আশ্বিন মাসের শেষ দিন থেকে কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত এই এক মাসব্যাপী প্রতিদিন মাটির প্রদীপ জ্বালানোর রীতিই হল আকাশ প্রদীপ। এককালে সব বাড়িতেই আকাশ প্রদীপ দেওয়ার রেওয়াজ ছিল। কিন্তু এখন গুটিকয়েক বাড়িতে এই দৃশ্য দেখা যায়। এছাড়া অনেকেই এই মাসে নিরামিষ আহার করে থাকেন।
আরও পড়ুন: জানেন, বনবাসে থাকাকালীন কেন ১৪ বছর ঘুমাননি লক্ষ্মণ? রইল আসল কারণ
শাস্ত্র অনুযায়ী, কার্তিক মাসে বেশ কয়েকটি খাবার খাওয়া একদমই উচিত নয়। যার মধ্যে অন্যতম হল বেগুন, দই, মাছ, করলা প্রভৃতি। অন্যদিকে আবার এই মাসে মুলো, আমলকি এবং সাদা বা কালো তিলের খাবার খাওয়া বেশ শুভ। বলা হয় নিয়ম মেনে এই মাসে কাজ করলে ভাগ্যের হাল যেমন বদলায় ঠিক তেমনই আবার শ্রীবিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই থাকে।