অনন্যা সরকার, বিহার: দৃঢ় সংকল্প, সঠিক কৌশল ও কঠোর পরিশ্রম করার ক্ষমতা থাকলে জীবনে যেকোনো কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। এটাই প্রমাণ করে দেখালেন বিহারের মোহাম্মদ আয়ান (NEET UG Success Story of Mohammad Ayan)। তিনি ব্যয়বহুল কোচিং ছাড়াই NEET পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। অভাবের সংসারে বড় হয়ে ওঠা দর্জির ছেলে আয়ান, রি-নিট ইউজি ২০২৬ (Re-NEET UG 2026) পরীক্ষায় ৭২০-এর মধ্যে ৬৩৬ নম্বর পেয়ে সর্বভারতীয় র্যাঙ্ক (AIR) ২৬৯৫ অর্জন করেছেন। আসুন তাঁর এই সাফল্যের কাহিনীটি দেখে নেওয়া যাক।
মেধাবী ছাত্রের নিট পাসের যাত্রা ছিল চড়াই উতরাইয়ে ভরা
আয়ানের পরিবারকে কঠিন আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাঁর বাবা পেশায় একজন দর্জি। কোভিড-১৯ অতিমারীর সময় কাজের অভাবে অফলাইন কোচিংয়ের উচ্চ খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই নিজের পড়াশোনার খরচ জোগাতে আয়ান ছোট শিশুদের পড়ানো শুরু করেন। একাদশ শ্রেণিতে পড়ার সময় থেকে তিনি একটি সাশ্রয়ী অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, ফিজিক্স ওয়ালা (PW)-এর মাধ্যমে পড়াশোনা শুরু করেন। তাঁর প্রস্তুতির ভিত্তি ছিল একটি সুশৃঙ্খল রুটিন। তিনি প্রতিদিন অনলাইন লেকচার শুনতেন, অ্যাসাইনমেন্ট ও ডেইলি প্র্যাকটিস প্রবলেম (DPP) সম্পন্ন করতেন, নিয়মিত মক টেস্ট দিতেন এবং সর্বোপরি নিজের ভুলগুলো বিশ্লেষণ করে, তা থেকে শিক্ষা নিতেন।
পড়াশোনায়ও চলতো সময় মেনে। আয়ান সকালে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন পড়তেন, বিকেলে মক টেস্ট দিতেন এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনলাইন ক্লাসে অংশ নিতেন। যেসব দিনে তাঁকে টিউশনি পড়াতে হতো, সেসব দিনে তিনি গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতেন এবং মাত্র ৪-৫ ঘণ্টা ঘুমাতেন। আর মানসিক চাপ কমাতে তাঁর দাওয়াই ছিল একা হাঁটতে যাওয়া।
আরও পড়ুন: ব্যাংকের সাফাইকর্মী থেকে SBI-র এজিএম! জীবনসংগ্রামে জয়ী হয়ে অবিশ্বাস্য সাফল্য প্রতীক্ষার
মোহাম্মদ আয়ানের সবচেয়ে কার্যকর কৌশল ছিল সময় ব্যবস্থাপনা। তিনি ৩ ঘণ্টার মক টেস্টগুলো আড়াই ঘণ্টার মধ্যে শেষ করার লক্ষ্য নিতেন, যা তাঁকে পরীক্ষার দিন গতি বাড়াতে ও মানসিক চাপের পরিস্থিতিতেও শান্ত থাকতে সাহায্য করেছিল। প্রতিটি মক টেস্টের পর তিনি নিজের ভুলগুলো একটি আলাদা খাতায় লিখে রাখতেন ও প্রতি ১০-১৫ দিন অন্তর সেগুলো পুনরায় পর্যালোচনা করতেন। এই পরিশ্রম এবং কৌশলই আয়ানকে সাফল্যের মুখ দেখিয়েছে। ২০২৬ সালের রি-নিট পরীক্ষায় তিনি ৭২০-এর মধ্যে ৬৩৬ নম্বর পেয়ে ২,৬৯৫ সর্বভারতীয় র্যাঙ্ক অর্জন করে নিয়েছেন।