সৌভিক মুখার্জী, কলকাতা: পূর্ব রেলের নিত্য যাত্রীদের জন্য বড় খবর। সিগন্যালিং এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল থাকবে একাধিক ট্রেন (Train Cancelled)। আসানসোল ডিভিশনের দুর্গাপুর কোক ওভেন প্লান্ট – ওয়ারিয়া শাখায় পরপর বেশ কয়েকদিন একাধিক ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই যারা এই ডিভিশনে নিত্য যাতায়াত করেন, তাদের অবশ্যই আগেভাগে বাতিল ট্রেনের তালিকা দেখে যাত্রার পরিকল্পনা করা বুদ্ধিমানের কাজ।
আসানসোল ডিভিশনে বাতিল একাধিক ট্রেন
পূর্ব রেলের হেডকোয়ার্টারের তরফ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে জানানো হয়েছে যে, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আসানসোল ডিভিশনের দুর্গাপুর ওভেন প্ল্যান্ট – ওয়ারিয়া শাখায় আপ-১ লাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের প্রয়োজন পড়বে। সেই সূত্রে বেশ কয়েকটি ট্রেন বাতিল থাকছে। বাতিল ট্রেনগুলির তালিকাও ইতিমধ্যে পূর্ব রেলের তরফ থেকে ওই বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। ৬৩৫০৫/৬৩৫০৬ এবং ৬৩৫০৭/৬৩৫০৮ বর্ধমান – আসানসোল – বর্ধমান এমইউএমইউ ট্রেনগুলি উভয় অভিমুখে বেশ কিছু দিন বাতিল থাকবে বলে জানানো হয়েছে।
তবে এই ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ পর্যায়ক্রমে কয়েকদিন ধরেই চলবে। সেই সূত্রে আগামী ২৭ সেপ্টেম্বর, ৪ অক্টোবর, ১১ অক্টোবর এবং ১৮ অক্টোবর এই ট্রেনগুলি বাতিল থাকবে। এর পাশাপাশি ৩০ সেপ্টেম্বর, ৭ অক্টোবর এবং ১৪ অক্টোবর ৩ ঘণ্টা ৩০ মিনিটের পাওয়ার ব্লকের প্রয়োজন পড়বে বলে জানানো হয়েছে। রাত ৩টে ৩০ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত থাকবে এই পাওয়ার ব্লক। এই সময়সীমার মধ্যে এই রুটের সমস্ত ট্রেন বাতিল থাকবে বলেই পূর্ব রেল জানিয়েছে।
আরও পড়ুন: হাত শিবিরে যোগদানের হিড়িক ‘সংখ্যালঘুদের’, কংগ্রেসে নাম লেখাচ্ছেন মহামেডান সভাপতিও
তবে সাধারণ যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সেই সূত্রে পূর্ব রেল আগেভাগে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাই আপনি যদি এই লাইনের নিত্যযাত্রী হন, তাহলে অবশ্যই এই দিনগুলিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।