সৌভিক মুখার্জী, কলকাতা: দুর্বল দেশীয় শেয়ার বাজার আর আন্তর্জাতিক বাজারে চড়া অপরিশোধিত তেলের দামের কারণে মার্কিন ডলারের বিপরীতে ফের ভারতীয় মুদ্রার (Indian Rupee) মূল্যপতন। আজ, বৃহস্পতিবার প্রারম্ভিক বাণিজ্যে ভারতীয় রুপি ১২ পয়সা দুর্বল হয়ে প্রতি ডলারে দাঁড়িয়েছে ৯৪.৫০ টাকায়। এর আগের দিনগুলিতে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় টাকা। তবে তেলের দাম বাড়ার কারণে পুনরায় শুরু হয়েছে মূল্যপতন।
ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্যপতন
আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে এদিন সকালে ভারতীয় রুপি ৯৪.৪৭ টাকায় খোলার পর দুর্বল হতে হতে তা ৯৪.৫০ টাকায় নেমে আসে। এর আগে বুধবার রুপি ৫৩ পয়সা শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল ৯৪.৩৮ টাকায়। দুর্বল দেশীয় ইকুইটি বাজার এবং ঊর্ধ্বমুখী তেলের দামের কারণেই এই মূল্যপতন। সম্প্রতি ব্রেন্ট ক্রুডের ফিউচার্স ১.৫৮% বেড়ে ব্যারেল প্রতি ১১০.৫৪ ডলারে লেনদেন হচ্ছিল, যা মুদ্রার উপর দিনের পর দিন চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে মার্কিন ডলার কিছুটা নরম হওয়া এবং মার্কিন ট্রেজারি ইল্ড হ্রাস পাওয়ার কারণে টাকার পতন কিছুটা হলেও প্রতিহত হয়েছে। পাশাপাশি শেয়ার বাজারেও পড়ছে নেতিবাচক প্রভাব। প্রাথমিক বাণিজ্যে আজ সেনসেক্স ৬৪২১ পয়েন্ট কমে ৭৩,০৬৭.১৮ এবং নিফটি ২৪১.৩৫ পয়েন্ট কমে ২২,৫৭০.৯০ পয়েন্টে নেমে এসেছে।
আরও পড়ুন: পুজো শেষ হতেই সুখবর, অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন শুরু কবে? জানালেন মুখ্যমন্ত্রী
এ বিষয়ে বিশেষজ্ঞ অনুপ চৌধুরী জানিয়েছেন, আইপিও সংক্রান্ত বৈদেশিক মূলধন প্রবাহ এবং ডলারের দুর্বলতার কারণে ভারতীয় রুপি আগামী দিন কিছুটা ইতিবাচক প্রবণতা দেখাতে পারে। এর পাশাপাশি রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপের পর টাকার বাজারে কিছুটা ইতিবাচক প্রভাব বজায় থাকতে পারে। অন্য আরেকজন বলছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার কিছুটা সময় পেয়েছে এবং জিওর আইপিও স্বল্প মেয়াদে ডলারের সরবরাহ বাড়াতে সাহায্য করেছে। তবে ক্রুড অয়েল যদি ১২০ ডলারের কাছাকাছি পৌঁছে যায় তাহলে এই ভারসাম্য বজায় রাখতে যথেষ্ট চ্যালেঞ্জ পোহাতে হবে।