বিক্রম ব্যানার্জী, কলকাতা: বলিউডের অত্যন্ত পরিচিত মুখ। করেছেন একের পর এক হিট ছবি। সেই অ্যাকশন হিরো (Tiger Shroff) এবার পা বাড়াতে চলেছেন পেশাদার ফুটবলে। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই ফুটবল পায়ে মাঠে নেমে পড়তে পারেন জনপ্রিয় বলিউড অভিনেতা, টাইগার শ্রফ। 36 বছর বয়সী এই তারকা এবার ডুরান্ড কাপ দিয়েই নিজের পেশাদার ফুটবলের (Professional Football) যাত্রা শুরু করতে পারেন। কিন্তু কোন দলের হয়ে খেলবেন টাইগার? ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ক্লাবের নামও।
কোন দলের হয়ে ফুটবল খেলতে নামবেন টাইগার শ্রফ?
জানা যাচ্ছে, উদ্যোগপতি আলি আহমেদের জনপ্রিয় ক্লাব মুম্বই এফসির সাথে নিয়মিত নাকি অনুশীলন করছেন অভিনেতা টাইগার শ্রফ। দলটি আগামী 30 জুলাই, গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলতে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। শোনা যাচ্ছে, 135 তম সন্তোষ ট্রফি জয়ের জন্য মুম্বই এফসি দলে নাম লেখানো টাইগার এবার ডুরান্ড কাপেই নিজের পেশাদার ফুটবলে পা রাখতে চলেছেন। অর্থাৎ এই টুর্নামেন্ট দিয়েই নিজের ফুটবল কেরিয়ার আনুষ্ঠানিকভাবে শুরু করবেন তিনি!
রেভস্পোর্টজের এক রিপোর্ট অনুযায়ী, ডুরান্ড কাপে খেলবেন বলে ইতিমধ্যেই মুম্বই এফসির দলে নাম লিখিয়ে ফেলেছেন অভিনেতা টাইগার। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যেতে পারে তাঁকে। শোনা যাচ্ছে, মুম্বই দলের সাথে অনেক আগে থেকেই নিয়মিত অনুশীলন শুরু করে দিয়েছিলেন জ্যাকি পুত্র। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, পুরোপুরি ফুটবলে নেমে পড়লে তাহলে কি বলিউডকে বিদায় জানাবেন টাইগার? আপাতত সেই উত্তর মেলেনি।
অবশ্যই পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল ভারত, এন্ট্রি নতুন প্লেয়ার সহ বিধ্বংসী অলরাউন্ডারের
উল্লেখ্য, গত 2024 সালে মুম্বই এফসির উদ্বোধন করার সাথে সাথে ক্লাবটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন টাইগার শ্রফ। আর তারপর থেকেই উন্নতি হতে থাকে ক্লাবটির। মহারাষ্ট্রেরই ক্লাব তাদের উদ্বোধনী ম্যাচে স্টেট ক্লাব চ্যাম্পিয়নশিপ জেতার সাথে সাথে পরবর্তী সিজনে আইলিগ 3 এ তৃতীয় স্থান অর্জন করে। সেই সূত্রেই ডুরান্ড কাপে যোগ্যতা অর্জন করেছে দলটি।