দিঘা, মন্দারমণি যাচ্ছেন? স্নান করতে পারবেন না সমুদ্রে! জারি নিষেধাজ্ঞা

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে (Deep Depression) পরিণত হয়েছে। এর জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই দক্ষিণবঙ্গের একাধিক এলাকা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলা-ওড়িশা উপকূলের কাছে তৈরি হওয়া এই অতি গভীর নিম্নচাপটি সাগরদ্বীপের ৪০ কিলোমিটার দক্ষিণে ও দিঘার ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং কাঁথির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। সোমবার থেকেই তাই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। 

উপকূলে জারি কমলা সতর্কতা 

পরিস্থিতির মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন আবহাওয়া দফতরের নির্দেশ অনুযায়ী বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। নিম্নচাপের কারণে সমুদ্র এখন উত্তাল, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। শংকরপুর, দিঘার মোহনা পেটুয়াঘাট এবং শৌলা সহ সমস্ত মৎস্যবন্দরেই মৎস্যজীবীদের ট্রলারগুলিকে নিরাপদভাবে ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন: ১০ হাজার কিমি বিস্তৃত রেইন বেল্ট;, পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির আশঙ্কা

সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা

অন্যদিকে, দিঘা (Digha), মন্দারমণি, শঙ্করপুর এবং তাজপুরের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে এই মুহূর্তে যে সমস্ত পর্যটকরা রয়েছেন, তাদের নিরাপত্তার উপরও বিশেষ নজর রেখেছে প্রশাসন। সমুদ্র স্নান করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যাতে কোনও ধরনের দুর্ঘটনার কবলে না পড়েন পর্যটকরা। দিঘা পুলিশের তরফে জানানো হয়েছে যে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য উপকূলে নজরদারি আরো জোরদার করা হয়েছে।  

আরও পড়ুন: এটা উত্তমকুমারের মূর্তি?; মহানায়কের বিগ্রহ নিয়ে বিতর্কে রাজ্য সরকার

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে রাজ্যের দিকে এগোচ্ছে। দুপুরেই রায়দিঘি ও কাঁথির কাছ দিয়ে স্থলভাগে এসে পড়েছে। নিম্নচাপের প্রভাবে সারাদিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী অঞ্চলে জারি হয়েছে কমলা সতর্কতা। উপকূলের ও পশ্চিমের মোট ৪ জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া, ঝড়ো হাওয়ার জন্যও সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের এলাকাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে এবং কলকাতায়  ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। 

Leave a Comment