বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) বিনিয়োগকারীদের জন্য রয়েছে সুখবর। টেক্সটাইল কোম্পানি পশুপতি কটস্পিন লিমিটেড তাদের বিনিয়োগকারীদের 2:3 অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। এর অর্থ হল বিনিয়োগকারীরা প্রতি দুটি শেয়ারের সাথে তিনটি শেয়ার পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। সংস্থাটি ইতিমধ্যেই বোনাস শেয়ার দেওয়ার রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছে। সংস্থাটির তরফে জানানো হয়েছে, তারা তাদের যোগ্য বিনিয়োগকারীদের জন্য বোনাস শেয়ারের রেকর্ড ডেট হিসেবে 13 নভেম্বরকে বেছে নিয়েছে।
দুটি শেয়ার কিনলে মিলবে তিনটি শেয়ার
সম্প্রতি পশুপতি কটস্পিন লিমিটেড 2026-27 আর্থিক বছরের জন্য শেয়ার প্রতি 2 পয়সা করে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি স্পষ্ট করে জানিয়েছে, আগামী 13 নভেম্বর বোনাস শেয়ার পাওয়ার রেকর্ড ডেট। অর্থাৎ এই তারিখের আগেই সংশ্লিষ্ট শেয়ারটিতে বিনিয়োগ করে ফেলতে হবে। আর যাঁরা ইতিমধ্যেই এই শেয়ারে বিনিয়োগ করে ফেলেছেন, তাঁরা প্রত্যেকেই এই বোনাস শেয়ার পাওয়ার যোগ্য।
বলে রাখা প্রয়োজন, সংস্থাটির পরিচালনা পর্ষদ এর আগে গত অক্টোবর মাসের 3 তারিখ অনুষ্ঠিত একটি সভায় বোনাস শেয়ার দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল। তারপরেই সংস্থাটি জানায় তারা তাদের বিনিয়োগকারীদের দুটি শেয়ারের সাথে তিনটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে দিতে চলেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, বোনাস শেয়ার ইস্যু করার প্রস্তাবে সমস্ত বিনিয়োগকারীর সমর্থন পেয়েছেন তারা।
আরও পড়ুন: ভাইফোঁটার দিন পরিবারে সুখ-শান্তি ফিরবে ৬ রাশির! আজকের রাশিফল, ১১ নভেম্বর
প্রসঙ্গত, এই মুহূর্তে পশুপতি কটস্পিন লিমিটেডের শেয়ারের দাম 90 টাকারও বেশি। সেক্ষেত্রে এই অর্থ খরচ করে যারা দুটি শেয়ার কিনবেন, তাঁরা পেতে চলেছেন তিনটি শেয়ার সম্পূর্ণ বিনামূল্যে। এই বোনাস শেয়ারগুলির অভিহিত মূল্য হবে 1 টাকা। সবমিলিয়ে, জনপ্রিয় সংস্থাটির তরফে বোনাস শেয়ার পেতে হলে দ্রুত বিনিয়োগ করে ফেলতে হবে বিনিয়োগকারীদের। ইতিমধ্যেই বেশ কয়েকটি ব্রোকারেজ সংস্থাও এই শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছে।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)