প্রীতি পোদ্দার, কলকাতা: শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে একদিকে যেমন সঠিক খাদ্যাভ্যাস জরুরি ঠিক তেমনই আবার পর্যাপ্ত ঘুমের (Sleep) খুব প্রয়োজন। যদি কেউ দিনে ৬-৭ ঘণ্টা ভালো ঘুমোয় তাহলে তার সারাদিনের ক্লান্তি যেমন দূর হয় ঠিক তেমনি কাজেও বেশ মনোযোগ দেওয়া যায়। তবে অনেক সময় দেখবেন ঘুমের ঘোরে মাঝে মধ্যেই শরীর কেঁপে (Body Jerk) ওঠে। কিন্তু কেন এমন হয় তা অনেকেই জানেন না। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
কেন শরীর কেঁপে ওঠে?
আসলে ঘুমিয়ে পড়ার সময় আমাদের শরীর একদম ছেড়ে দেয় তার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কও বিশ্রাম নেয়। যখনই গভীর ঘুমে সবাই আচ্ছন্ন হয়ে থাকে তখনই এই সময় স্নায়ুতন্ত্র সাময়িক সক্রিয় হয়ে যায়। আর তাতেই পেশি সংকুচিত হয়ে যায় এবং শরীর কেঁপে ওঠে। তবে এছাড়াও আরও বেশ কিছু কারণে শরীর কেঁপে ওঠে। চিকিৎসকদের মতে যদি ঘুমের অভাব থাকে এবং কোনো বিষয় নিয়ে যদি মানসিক চাপ, উদ্বেগ বাড়ে তাহলে ঘুমের মাঝে হঠাৎ করে শরীর কেঁপে ওঠে।
অতিরিক্ত ক্যাফেইনযুক্ত পানীয় খাদ্যাভ্যাস
বিশেষজ্ঞদের তরফে আরও জানানো হয়েছে যে অনেকেই কাজকর্মে মনোযোগ দেওয়ার জন্য খুব বেশি পরিমাণে চা, কফি বা অন্য ক্যাফেইনযুক্ত পানীয় খেয়ে থাকে। কিন্তু আদতে এই পানীয়গুলো খুব বেশি খাওয়া শরীরের জন্য বেশ ক্ষতিকর। এমনকি মাঝে মধ্যে শরীর যে কেঁপে ওঠে তার পিছনেও এই ক্যাফেইনযুক্ত পানীয় দায়ী থাকে। এক্ষেত্রে এই সমস্যা দূর করার জন্য প্রতিদিন অন্তত ৬-৭ ঘণ্টা ঘুমোতে হবে। কাজের প্রেসার ঘুমোনোর আগেই মেটাতে হবে। চোখে যাতে বাড়তি চাপ না থাকে তার জন্য ঘুমোনোর আগে ফোন দেখা উচিত নয়।
আরও পড়ুন: জানেন, ভাইফোঁটা দেওয়ার সময় কেন বাঁ হাতের কনিষ্ঠা আঙুল ব্যবহার করা হয়?
অনেকেই ভাবেন, ঘুমোতে যাওয়ার আগে মদ্যপান করলে ভাল হয় ঘুম। কিন্তু এই কথা সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, ঘুম কখনও গভীর হয় আবার কখনও পাতলা হয়। সেক্ষেত্রে মদ ঘুমের পরিকাঠামো ভেঙে দেয় এবং দিন রাত ক্লান্তি বোধ হয়। তা ছাড়া অ্যালকোহল একটি ডাই-ইউরেটিক পানীয়। অর্থাৎ অ্যালকোহল মূত্র উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে। ফলে ঘুমের মধ্যে অনেকবার বাথরুমে দৌড়তে হয়।