দুপুর হতেই তুমুল দুর্যোগ বাংলায়, কিছুক্ষণেই আরও বৃষ্টির ভ্রূকুটি কলকাতা সহ ৭ জেলায়

সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। দুপুর হতে না হতেই আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি (Weather Update)  শুরু হল।  এক কথায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ জেলায় জেলায়। সঙ্গে আবার কিছু জায়গায় ভারী বৃষ্টির দাপটও দেখা গিয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস।

জেলায় জেলায় আরও দুর্যোগের আশঙ্কা

আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আরও বেশ খানিকটা দুর্যোগের ঘনঘটা অব্যাহত থাকবে বলে খবর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ বিশ্বকর্মা পুজো। সকলের বাড়িতেই রান্নাবান্না হচ্ছে। অনেকে আবার ছুটির দিন কোথাও গ্যুরতে যাওয়ার প্ল্যানও করেছেন নিশ্চয়ই। কিন্তু সব মাটি করে দিল বৃষ্টি। সঙ্গে আরও বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে।

আরও পড়ুনঃ শ্রীরামপুরে মমতার সভার অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে এই কঠিন শর্ত

জানা গিয়েছে, আগামী ৩ ঘণ্টার জন্য কলকাতায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। তালিকায় রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা – এই জেলাগুলি। কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টির দাপট ক্রমশ বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে তুমুল ঝড়বৃষ্টি হচ্ছে বলে খবর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।  বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কিছু কিছু বজ্রপাত এবং দমকা হাওয়া বইতে পারে। তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুক্রবার থেকে আরও পরিষ্কার হতে পারে আকাশ। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতেও।

Leave a Comment