আনিষা চৌধুরী, কলকাতা: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে সরকারের তরফে এবার নতুন আপডেট। জানা গিয়েছে, রাজ্যের সরকারি কর্মীদের বেতন সংশোধনের জন্য তৈরি কমিশন ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে। এবার সেই কমিশনের রিপোর্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কর্মীরা। রিপোর্ট জমা পড়ার পরই নতুন বেতন কাঠামো নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister) ।
কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
গত ১১ অক্টোবর গুয়াহাটিতে একটি সরকারি অনুষ্ঠানে এই বিষয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কমিশনের কাজ শুরু হয়েছে। রিপোর্ট জমা পড়লে সরকারি কর্মীদের বেতন সংশোধনের প্রক্রিয়া এগোবে। অর্থাৎ, এখনই বেতন কতটা বাড়বে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, রিপোর্ট সামনে এলেই বিষয়টি পরিষ্কার হবে।
চলতি বছরের জানুয়ারিতে অসম সরকার অষ্টম রাজ্য বেতন কমিশন গঠন করে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব সুভাষ দাসকে। সরকারি কর্মীদের বেতন, ভাতা, পেনশন এবং চাকরির শর্ত খতিয়ে দেখে সুপারিশ দেওয়াই কমিশনের মূল কাজ। সূত্রের খবর, কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে।
এখন সমস্ত সরকারি কর্মীদের মনে প্রশ্ন উঠছে, তাহলে কবে থেকে বাড়তি বেতন মিলতে পারে? বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অনুমান করা হচ্ছে, নতুন বেতন কাঠামো ২০২৭ বা ২০২৮ সালে কার্যকর হতে পারে। তবে এই বিষয়গুলির কোনওটিই এখনও চূড়ান্ত নির্দেশ হিসেবে ঘোষণা করা হয়নি। বেতন বৃদ্ধির নির্দিষ্ট তারিখ বা বকেয়া দেওয়ার বিষয়ে অসম সরকার এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।
আরও পড়ুন: একধাক্কায় ১% বৃদ্ধি, ডলারের বিপরীতে রেকর্ড উত্থান ভারতীয় রুপির, দেখুন রেট
ফলে আপাতত সরকারি কর্মীদের নজর কমিশনের রিপোর্টের দিকেই। রিপোর্ট জমা পড়ার পর সুপারিশ খতিয়ে দেখবে সরকার। এরপর সরকার কী সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করবে নতুন বেতন কাঠামো।