আনিষা চৌধুরী, কলকাতা: কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের কনস্টেবল (Police Constables) নিয়োগ প্রক্রিয়ায় বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore stadium) আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য পুলিশের বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই নিয়োগ বলে জানিয়েছেন তিনি। নতুন নিয়োগপ্রাপ্তদের পুজোর (Durga Puja) ডিউটিতে কাজে লাগানোরও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
পড়ে থাকা নিয়োগগুলির দ্রুত বাস্তবায়নের তৎপর সরকার
ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক আটকে থাকা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে সরকার। সেই অনুযায়ী, রাজ্য পুলিশে ১১ হাজার কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল। গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত মেধাতালিকায় জায়গা পান ১১ হাজার ৫৯৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ৮ হাজার ২১২ জন পুরুষ এবং ৩ হাজার ৩৮১ জন মহিলা।
সম্প্রতি নিয়োগপ্রাপ্ত পুলিশকর্মীদের দ্রুত কাজে নামানোর পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। আগামী ১৭ অক্টোবর থেকে তাঁদের ডিউটিতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। পুজোর সময় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব সামলাতে এই কর্মীদের ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। কোন জেলায় বা কোন এলাকায় তাঁদের মোতায়েন করা হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনার উপর নির্ভর করবে। জানা গিয়েছে, দক্ষতার সঙ্গে কাজ সামলানোর জন্য তাঁদের প্রশিক্ষণও দেওয়া হবে।
নিয়োগের পাশাপাশি রাজ্য পুলিশের শূন্যপদ পূরণের বিষয়টিও উঠে এসেছে অনুষ্ঠানে। ডিজিপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্য পুলিশে এখনও প্রায় ৩২ হাজার পদ খালি রয়েছে। ফলে নতুন নিয়োগের পরেও বাহিনীতে কর্মীর ঘাটতি পুরোপুরি মিটছে না। এই পরিস্থিতিতে পুলিশকে আরও শক্তিশালী করা এবং থানাগুলিতে প্রয়োজনীয় কর্মী নিয়োগের উপর জোর দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষায় বড় পদক্ষেপ রাজ্য সরকারের, ১৯ জেলায় নতুন চেয়ারম্যান নিয়োগ
নবনিযুক্তদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা একজন পুলিশকর্মীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। পাশাপাশি থানাগুলিতে উচ্চপদস্থ আধিকারিক ও ক্লার্ক নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের কথা রয়েছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, “হাততালি চাই না, ক্রেডিট চাই না। শুধু বলতে চাই, সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না।”