বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়ানডে সিরিজ শুরু হতেই ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড (New Zealand)। ভারতের কাছে প্রথম ম্যাচে হারের পর দুঃসংবাদ পেল কিউই বাহিনী। গোটা সিরিজ থেকেই বাদ পড়লেন তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে (Devon Conway)। এর আগে অবশ্য এক ম্যাচ থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে এবার নিউজিল্যান্ডের তরফে জানিয়ে দেওয়া হল তিনি গোটা সিরিজেই খেলতে পারবেন না। ইতিমধ্যেই কিউই তারকার বিকল্প প্লেয়ারের নামও ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিকল্প প্লেয়ারের নাম ঘোষণা করল নিউজিল্যান্ড
দলের হয়ে অনুশীলন চলাকালীন আহত হয়েছিলেন নিউজিল্যান্ড তারকা ডেভন কনওয়ে। যার কারণে এবার ভারতের বিপক্ষে সিরিজের একটি ম্যাচেও খেলতে পারবেন না তিনি। এর আগে অবশ্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল শুধুমাত্র প্রথম ওয়ানডে থেকে বাদ পড়ছেন তিনি। যার ফলে অনেকেই আশা করেছিলেন হয়তো দ্বিতীয় ম্যাচে দেখা যাবে এই খেলোয়াড়কে। তবে শেষ পর্যন্ত তা হচ্ছে না।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারকা ক্রিকেটারের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই আগামীকাল অর্থাৎ শনিবার ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে কনওয়ের জায়গায় খেলবেন নিক কেলি। জানিয়ে রাখা প্রয়োজন, এই খেলোয়াড়ই সম্প্রতি ভারতের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে খেলার জন্য নির্বাচিত হয়েছিলেন। তবে কনওয়ে সিরিজ থেকে ছিটকে যেতেই দ্বিতীয় ম্যাচেই যোগ দিতে হচ্ছে তাঁকে। কেলি অবশ্য ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড এ দলের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অংশ ছিলেন। তবে এবার সেই দল থেকে বেরিয়ে নিউজিল্যান্ডের মূল দলে অংশ নিচ্ছেন তিনি।
আরও পড়ুন: এখনই হচ্ছে না KMC নির্বাচন! বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের
প্রসঙ্গত, ডেভন কনওয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় নিউজিল্যান্ড দল কিছুটা ধাক্কা খেলেও ম্যাট হেনরিকে নিয়ে এসেছে স্বস্তির খবর। জানা যাচ্ছে, কনওয়ের সাথে অনুশীলন চলাকালীন সংঘর্ষে জড়ানোর ফলে চোট পেলেও এবার সুস্থ হয়ে উঠেছেন তিনি। আগামীকাল অর্থাৎ দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড দলে অংশ নিচ্ছেন এই খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে নিজেকে কতটা মিলে ধরতে পারবেন হেনরি, এখন সেটাই দেখার।