বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার, ভারতীয় শেয়ারবাজার খুলতেই দেখা গেল ব্যাপক পতন (Vodafone Idea Stock)! সেনসেক্স থেকে শুরু করে নিফটি, ব্যাঙ্ক নিফটি সবই একপ্রকার ধাক্কা খেয়েছে আজ। তবে শেয়ার বাজারের এমন দৈন্য দশার মধ্যেও বিনিয়োগকারীদের নজর কেড়েছে একটি স্টক। হ্যাঁ, ভারতীয় সংস্থা ভোডাফোন আইডিয়ার স্টকের দাম একেবারে লাফিয়ে বেড়েছে। আজ অর্থাৎ সোমবার, শেয়ার বাজারের ব্যাপক পতন সত্ত্বেও শুরুতে 10 শতাংশ লাফিয়েছে এই স্টকের দাম। কিন্তু কেন বাজারের এমন খারাপ অবস্থার মধ্যেও একেবারে বিপরীতমুখী হল এই স্টক? ঠিক কোন কারণে বাড়ল ভোডাফোনের স্টকের দাম?
বাজারের পতন সত্বেও বাড়ল ভোডাফোন আইডিয়ার স্টকের দাম
আজ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে রূপীর ব্যাপক দরপতনের কারণে ধাক্কা খেয়েছে ভারতীয় শেয়ারবাজার। যার কারণে সকাল সকাল নিফটি 250 পয়েন্ট কমে 23,900 এর কাছাকাছি দাঁড়িয়েছিল। অন্যদিকে ব্যাঙ্ক নিফটিও 600 পয়েন্টের বেশি কমেছে। তবে শেয়ার বাজারের এমন দুর্বলতার মধ্যেও চাঙ্গা হয়েছে ভোডাফোন আইডিয়ার স্টক। লাফিয়ে বেড়েছে দাম।
বলাই বাহুল্য, সোমবার বাজার খোলার পর ভারতীয় সংস্থা ভোডাফোন আইডিয়ার স্টকের দাম 10 শতাংশ বেড়ে 12 টাকা 43 পয়সায় গিয়ে দাঁড়িয়েছিল। যেখানে গত শুক্রবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে এই স্টকের দাম ছিল 11 টাকা 25 পয়সা। বলে রাখি, শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি সংস্থাটির মোট মূলধনের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1,31,636 কোটি টাকায়।
অবশ্যই পড়ুন: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করল ED
তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন শেয়ার বাজারের পতনের মধ্যেও দাম বাড়ল ভোডাফোন আইডিয়ার স্টকের? আসলে এই সংস্থাটির স্টকের মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে একটি কৌশলগত কারণ। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ভোডাফোন গ্রুপ পিএলসি তাদের ভারতীয় ইউনিটকে আর্থিক দিক থেকে আরও বেশি শক্তিশালী করার পরিকল্পনা করছে। নগদ অর্থ বা ক্যাশ বিনিয়োগের পরিবর্তে সংস্থাটি শেয়ার হস্তান্তর মডেল তৈরির বিষয়টি বিবেচনা করে দেখছে। আর তাতেই লাফিয়ে বেড়েছে ভোডাফোনের শেয়ারের দাম। বলে রাখি ভোডাফোন আইডিয়ায়, ভোডাফোন পিএলসি-র মোট 19 শতাংশ অংশীদারিত্ব রয়েছে। যার মূল্য কিছু না হলেও 23,160 কোটি টাকা।