নিম্নচাপের জেরে হাই অ্যালার্ট জারি! ৬ জেলায় বন্ধ স্কুল, ছুটি বাতিল সরকারি কর্মকর্তাদের

অনন্যা সরকার, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিঝড় অর্ণবের (Cyclone Arnab) সরাসরি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা কম হলেও, এর প্রভাবে ওড়িশার দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি ওড়িশা সরকার ঘোষণা করেছে যে, এই পরিস্থিতিতে রাজ্যের অন্তত ৬টি জেলায় সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখা হবে। এছাড়া, দুর্যোগ মোকাবিলার কাজের জন্য সরকারি আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। ‘হাই  অ্যালার্ট’ (High Alert) জারি করা এলাকাগুলিতে বিশেষ দলও মোতায়েন করেছে প্রশাসন।

ওড়িশায় হাই অ্যালার্ট জারি

মঙ্গলবার ওড়িশা সরকারের নির্দেশে জগৎসিংহপুর, খোরধা, গজপতি ও গঞ্জাম জেলার স্কুলগুলি বন্ধ ছিল। অন্যদিকে, মালকানগিরি জেলার সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে, পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী, ২২ সেপ্টেম্বর নির্ধারিত কেন্দ্রগুলিতে ‘জাতীয় গ্রামীণ প্রতিভা বৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও, কোরাপুট ও কালাহান্ডি জেলার শিক্ষকদের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি অবস্থার ক্ষেত্রে স্কুল ভবনগুলিকে ত্রাণকেন্দ্র হিসাবে ব্যবহার করার জন্য তাঁদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই উদ্দেশ্যে শিক্ষকদের একটি ২৪-ঘণ্টার ডিউটি রস্টার বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গোপালপুরের ১৫০ কিমি দক্ষিণ-পূর্বে এবং পুরীর ২১০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৩ ও ২৪ সেপ্টেম্বরের মাঝামাঝি রাতের দিকে বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝখান দিয়ে উপকূলে প্রবেশ করবে।

আরও পড়ুন: হয় অন্নপূর্ণা যোজনা, না হয় বিধবা ভাতা! মহিলাদের একটা বাছার নির্দেশ রাজ্য সরকারের

ওড়িশার মুখ্য সচিব অনু গর্ভ জানিয়েছেন যে, প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসের পর ১১টি জেলার কালেক্টরদের উচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। ভারী বর্ষণের কারণে নীচু এলাকায় বন্যা ও পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। তিনি এও জানান যে, এই দুর্যোগ মোকাবেলায় সমস্ত ধরনের জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৩ ও ২৪ সেপ্টেম্বর গজপতি, গঞ্জাম ও কোরাপুট জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও, ২৪ ও ২৫ সেপ্টেম্বর কোরাপুট, নবরঙ্গপুর, কালাহান্ডি এবং মালকানগিরি জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

Leave a Comment