বিক্রম ব্যানার্জী, কলকাতা: পদত্যাগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (Central Government) এল মুরুগান (L Murugan)। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন তিনি। মঙ্গলবার, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন মুরুগান। জানা যাচ্ছে, শুধুমাত্র মন্ত্রিসভা নয়, সেই সাথে রাজ্যসভার সদস্যপদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর আকস্মিক এই পদক্ষেপে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে জল্পনা।
হঠাৎ কেন পদত্যাগ করলেন এল মুরুগান?
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পরই মুরুগান কেন এমন পদক্ষেপ নিলেন তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, নিজের রাজ্য তামিলনাড়ুতে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে পদত্যাগ পত্র পাঠানোর সাথে সাথে চিঠিতে মুরুগান খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি রাজ্যে দলের তৃণমূল স্তরের রাজনীতিতে ফিরতে চান। সে কারণেই বড় দায়িত্ব থেকে সরে গেলেন। বিজেপির রাজ্যসভার সাংসদ পদও ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
জানা যাচ্ছে, 2029 সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপির হাত শক্ত করতে এবং সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই তৃণমূল স্তরে কাজ করার পাশাপাশি, দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে চান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কাজেই দলের জন্য একেবারে তৃণমূল স্তরে কাজ করার লক্ষ্যেই সাহসী পদক্ষেপ নিয়ে ফেললেন মুরুগান।
আরও পড়ুন: ভারতের প্রকল্প বাতিল করে সীমান্তের কাছেই বড় প্ল্যান বাংলাদেশের, চিনের সাথে হল চুক্তি
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে বিজেপির সংগঠনের সাথে যুক্ত মুরুগান। এর আগে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার বিষয়টিকে জীবনের অন্যতম বড় সম্মানজনক ঘটনা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই বিজেপি নেতা।