প্রীতি পোদ্দার, কলকাতা: যেকোনো নির্মাণের (Construction) জন্য বালি ও সিমেন্টের মতো ইটও (Brick) সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কখনও কি লক্ষ্য করেছেন, বাড়ি তৈরির কাজে ইটগুলো ব্যবহার করার আগে রাজমিস্ত্রিরা কেন সেগুলি জলের মধ্যে ভিজিয়ে রাখেন (GK)? বলা হয় এই কাজের পিছনে রয়েছে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কারণ। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
কেন ইট জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়?
জানা গিয়েছে, কাদামাটিকে প্রথমে ছাঁচে ফেলা হয় তারপর সেগুলি চুল্লিতে পুড়িয়ে ইট তৈরি করা হয়। এই সময় ইটের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র ও ফাঁকা স্থান তৈরি হয়। এবার সেই শুকনো ইট যদি জলের সংস্পর্শে আসে, তাহলে এটি দ্রুত আর্দ্রতা শোষণ করে নেবে। ঠিক তেমনই যদি শুকনো ইটকে সরাসরি সিমেন্টের মশলার ওপর রাখা হয়, তবে মশলাটির সমস্ত জল ইট শুষে নিতে পারে। তাই নির্মাণের আগে ইটগুলি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়। ইট ভেজালে নানা রকম সুবিধা মেলে। ইটকে আগে ভিজিয়ে রাখলে সিমেন্টের মশলার জল ইট অতিরিক্ত শুষে নিতে পারে না, ফলে মশলা সঠিকভাবে জমাট বাঁধার সুযোগ পায়।
সব ইট জলের মধ্যে ভেজানো উচিত নয়
ইট কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে তা নির্ভর করে সেগুলোর ধরন, গুণমান এবং জল শোষণ ক্ষমতার উপর। অর্থাৎ সব ধরনের কাজে সাধারণত ইট ভালোভাবে ভিজিয়ে নিয়ে অতিরিক্ত জল ঝরিয়ে গাঁথুনির কাজে ব্যবহার করা হলেও সব ধরনের ইটের ক্ষেত্রে দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখা জরুরি নয়। কারণ ইটের উপরিভাগে অতিরিক্ত জল জমে থাকলে তা গাঁথুনির সময়ও সমস্যা তৈরি করতে পারে, তাই বুঝে ইটগুলি জলের মধ্যে ভেজানো উচিত। বিশেষ করে কম জল শোষণকারী ইটের ক্ষেত্রে প্রস্তুতকারকের নির্দেশিকা মেনে চলা উচিত।
আরও পড়ুন: জানেন দেশের সবচেয়ে বড় পুলিশবাহিনী কোন রাজ্যে রয়েছে?
যেহেতু, বিভিন্ন ধরনের ইটের ছিদ্রতা এবং আর্দ্রতা শোষণের মাত্রা ভিন্ন ভিন্ন হয়, তাই, রাজমিস্ত্রি এবং নির্মাণ পেশাদারদের অবশ্যই ইটের ধরণ বিবেচনা করে কাজ করতে হবে। কারণ ভুল পদ্ধতিতে আবাসন নির্মাণ করা হলে ভবিষ্যতে বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়।