পশ্চিমবঙ্গের ১৬টি রাস্তা হবে জাতীয় সড়ক, প্রক্রিয়া শুরু সরকারের, তালিকায় কোন কোন রোড?

সহেলি মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। বাংলার ১৬টি রাস্তা (State Highway) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের ১৬টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার প্রক্রিয়া শুরু করতে বলেছে কেন্দ্র। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ির কাছে এই প্রস্তাব রাখে রাজ্য। সূত্রের খবর, কেন্দ্র ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে প্রায় ২,০০০ কিলোমিটার দীর্ঘ এই ১৬টি সড়ককে জাতীয় সড়ক হিসেবে ঘোষণা করা হতে পারে।

বাংলার ১৬টি রাস্তাকে জাতীয় সড়ক করার সিদ্ধান্ত

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা এই রাস্তাগুলির মধ্যে গুরুত্বপূর্ণ মালদহ-গৌড় ও মহদীপুর সংযোগকারী সড়কটিও রয়েছে। জাতীয় সড়কের মর্যাদা পেলে এই রাস্তাগুলির গুরুত্ব বাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলির পরিকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হবে বলে মনে করছে প্রশাসনিক মহল। সম্প্রসারণ থেকে রক্ষণাবেক্ষণ—সব ক্ষেত্রেই জাতীয় সড়ক হিসেবে এই রাস্তাগুলি আরও বেশি গুরুত্ব পাবে। রাজ্যের তরফে সীমান্তবর্তী চাকদহ-বনগাঁ-পেট্রাপোল সড়ককেও জাতীয় সড়ক করার আবেদন জানানো হয়েছে।

তালিকায় রয়েছে কোন কোন রাস্তা?

সূত্রের খবর, তালিকায় রয়েছে দুর্গাপুর-বাঁকুড়া, পুরুলিয়া-বরাকর, মহম্মদবাজার-সাঁইথিয়া-কান্দি এবং আসানসোলের জুবিলি মোড়-জামতাড়া রোডও। পুরুলিয়ার রঘুনাথপুরে শিল্পতালুক গড়ে ওঠায় পুরুলিয়া-বরাকর রোডকে জাতীয় সড়কে উন্নীত করা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। তালিকায় রয়েছে গঙ্গাসাগর সংযোগকারী সড়কও। প্রস্তাবিত গঙ্গাসাগর সেতুর জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে রাজ্য। সংযোগকারী রাস্তা জাতীয় সড়ক হলে সেই সেতুটিও জাতীয় সড়ক প্রকল্পের অংশ হতে পারে।

আরও পড়ুনঃ মাত্র ১১০ টাকায় কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যান পুরী, রইল সম্পূর্ণ গাইড

এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বও জাতীয় সড়ক কর্তৃপক্ষ তথা কেন্দ্রের উপর পড়বে। প্রশাসনিক মহলের মতে, এর ফলে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ হবে। প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর রাজ্যের সাতটি জাতীয় সড়কের দেখভালের দায়িত্ব পূর্তদপ্তরের জাতীয় সড়ক শাখার বদলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জাতীয় সড়ক উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেয় সরকার। এবার আরও ১৬টি সড়ককে জাতীয় সড়কে উন্নীত করার ক্ষেত্রে কেন্দ্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে নবান্ন।

Leave a Comment